...|...|...

শিক্ষা

বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাশিয়া টুডে’র (আরটি) সাথে ডিআইইউ’র সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১০:০৪
Shares
বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাশিয়া টুডে’র (আরটি) সাথে ডিআইইউ’র সমঝোতা স্মারক স্বাক্ষর

সৌজন্য ছবি

বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাশিয়া টুডে, আরটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডিআইইউ। শনিবার সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটি, ডিএসসিতে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, জেএমসি বিভাগ এবং রাশিয়া টুডে’র মধ্যে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম শিক্ষা ও সম্প্রচার সাংবাদিকতায় পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হলো।

ডিআইইউ’র জেএমসি বিভাগ এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যৌথ আয়োজনে দিনব্যাপী এই সফরে রাশিয়া টুডে’র একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ক্যাম্পাস পরিদর্শন করে। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আরটি’র এডুকেশনাল ডিভিশনের পার্টনারশিপ ডিপার্টমেন্টের প্রধান একাতেরিনা মোকিভা, আরটি এডুকেশনাল প্রজেক্টসের প্রডিউসার এলেনা লোগাচেভা এবং আরটি সাউথ এশিয়ার (ভারতীয় প্রধান কার্যালয়) ডেপুটি হেড রুসলান ইমায়েভ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধিদলকে স্বাগত জানান জেএমসি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ড. মো: আবদুল কাবিল খান, আন্তর্জাতিক বিষয়ক উপ-পরিচালক সৈয়দ রাইহান-উল-ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে রাশিয়া টুডে’র অঙ্গীকারের প্রশংসা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল বলেন, “আমাদের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার এই উদ্যোগের জন্য আমরা আরটি’কে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে আরটি’র সঙ্গে এই চুক্তি আমাদের জেএমসি শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্প্রচার মানদণ্ড শেখা এবং বৈশ্বিক গণমাধ্যমে ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি করবে।”

এই চুক্তির গুরুত্ব তুলে ধরে একাতেরিনা মোকিভা বলেন, “রাশিয়া টুডে একটি বৈশ্বিক গণমাধ্যম, যা বিশ্বের নয়টি ভাষায় সম্প্রচারিত হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে যার শক্তিশালী অবস্থান রয়েছে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের এই প্রথম সমঝোতা স্মারক স্বাক্ষর আন্তর্জাতিক শিক্ষা ও গণমাধ্যম সহযোগিতার ক্ষেত্রে একটি বড় মাইলফলক।”

ভবিষ্যৎ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করে এলেনা লোগাচেভা বলেন, “আমরা চাই সাংবাদিক এবং গণমাধ্যমের শিক্ষার্থীরা আন্তর্জাতিক সাংবাদিকতার ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল হয়ে উঠুক। আরটি এডুকেশনাল প্রজেক্টসের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

সমঝোতা স্মারক বিনিময় অনুষ্ঠানের পাশাপাশি জেএমসি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ মাস্টারক্লাসের আয়োজন করা হয়। এতে রুসলান ইমায়েভ “সংবাদ কনটেন্টের মাধ্যমে দর্শক/পাঠকদের সম্পৃক্ত করা” শীর্ষক মাস্টারক্লাস পরিচালনা করেন এবং আন্তর্জাতিক নিউজরুমের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। সফর শেষে প্রতিনিধিদল জেএমসি মিডিয়া ল্যাব পরিদর্শন করে এবং বিভাগের আধুনিক সম্প্রচার ও মাল্টিমিডিয়া অবকাঠামোর প্রশংসা করে। এই সফরের মধ্য দিয়ে ডিআইইউ ও রাশিয়া টুডে’র মধ্যে যৌথ কর্মশালা, প্রশিক্ষণ এবং একাডেমিক-ইন্ডাস্ট্রি বিনিময়ের এক দৃঢ় ভিত্তি তৈরি হলো।