...|...|...

শিক্ষা

বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা নিলেন এনইউবির শিক্ষার্থীরা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, বিকেল ৩:২০
Shares
বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা নিলেন এনইউবির শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

বিনিয়োগ ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি (পিবিআইএল) পরিদর্শন করেছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীরা। এ সময় তারা আর্থিক বাজার, করপোরেট অর্থায়ন, বিনিয়োগ ব্যবস্থাপনা ও ব্যক্তিগত তহবিল ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা বিনিয়োগ খাতের পেশাজীবীদের সাথে মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় অর্জিত আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞান করপোরেট খাতে কীভাবে প্রয়োগ করা হয়, সে সম্পর্কে ধারণা নেন।

আন্তরিক আতিথেয়তা ও তথ্যবহুল আলোচনার জন্য প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ। বিশেষ করে প্রতিষ্ঠানটির পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিভাগের উপপ্রধান মো. আবদুল্লাহ আল নাহিদ এবং একই বিভাগের টিম লিডার ও সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার রূপা রায়ের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. সান্টু কুমার ঘোষের সহযোগিতায় এই পরিদর্শনের আয়োজন করেন বিভাগের শিক্ষক মুহাম্মদ নূর-ই-জেনান চৌধুরী ও মেরিলিন রিনি ঢালী। তারা পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন।
শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা প্রদান এবং পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন এই উদ্যোগ।