...|...|...

শিক্ষা

ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ও লটারির তারিখ ঘোষণা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ৯:২৩
Shares
ভিকারুননিসায় প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ও লটারির তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী নেওয়া হবে। অনলাইনে আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

গত ২৬ নভেম্বর প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটির সব শাখায় বাংলা ভার্সনে এবং শুধু মূল শাখায় ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবে। উভয় ভার্সনে প্রভাতি ও দিবা-দুই শিফট রয়েছে। ভর্তির আবেদন করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। এ ক্ষেত্রে মাউশির ২০২৭ সালের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করা হবে।

প্রতিষ্ঠানটির মূল শাখায় বাংলা ভার্সনের প্রভাতি শিফটে ২৭৫টি এবং দিবা শিফটে ২২০টি আসন রয়েছে। ইংরেজি ভার্সনের দুই শিফটেই আসন ১১০টি করে। সব মিলিয়ে মূল শাখায় শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে ৭১৫টি আসনে।

এ ছাড়া ধানমন্ডি শাখায় প্রভাতি ও দিবা শিফটে ৮৫টি করে মোট ১৭০টি, বসুন্ধরা শাখায় দুই শিফটে ১৬৫টি করে মোট ৩৩০টি এবং আজিমপুর শাখায়ও দুই শিফটে ১৬৫টি করে মোট ৩৩০টি আসন রয়েছে।

ভর্তির ক্ষেত্রে শাখাভিত্তিক ক্যাচমেন্ট এলাকাও নির্ধারণ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মূল শাখার ক্যাচমেন্ট এলাকার মধ্যে রয়েছে রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা। ধানমন্ডি শাখার জন্য ধানমন্ডি ও কলাবাগান, বসুন্ধরা শাখার জন্য ভাটারা, খিলক্ষেত ও গুলশান এবং আজিমপুর শাখার জন্য লালবাগ, চকবাজার ও নিউ মার্কেট থানা নির্ধারণ করা হয়েছে।

ভর্তির আবেদন করতে হবে অনলাইনে, এই লিংকে https://gsa.teletalk.com.bd। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। বার্ষিক পরীক্ষা শেষে এসব শ্রেণির শূন্য আসনের সংখ্যা প্রকাশ করা হবে। এসব শ্রেণিতে ভর্তির আবেদন, ভর্তি পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।