বাংলাদেশের দুর্গাপূজার ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় টেলিভিশন সঞ্চালক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ প্রশংসা করেন।
ফেসবুক স্ট্যাটাসে ময়ূখ বলেন, ‘বাংলাদেশের পুজো এবার চমকে দেওয়ার মতো। সাবাশ বাংলাদেশ। আমাকে সবচেয়ে চমকে দিয়েছে চট্টগ্রাম! কলকাতার সমস্ত পুরস্কার আয়োজকদের একটা করে পুরস্কার রাখা উচিৎ চট্টগ্রামের পুজোগুলির জন্য। যদি সম্ভব হয় কুরিয়ার করে এই পুজোগুলিকে সম্মান জানান। ওরা আনন্দিত হবে।’
তিনি বলেন, ‘এ বছর ডিলিটাল মাধ্যমে অনেক ঠাকুর দেখলাম বাংলাদেশে। কোনো এক বছর পায়ে হেঁটে প্যান্ডেল ঘুরব। ওখানে ফুচকা পাওয়া যায়? তাহলে ফুচকা খাব। ক্লান্ত হলে মশলা কোলা। আর কী কী খাওয়া যায়?’
স্ট্যাটাসে ময়ূখ আরও বলেন, ‘চট্টগ্রামের পুজোগুলোর মধ্যে আমার চোখে সমানভাবে এক নম্বরে থাকবে : ষোড়শীকুঞ্জ সার্বজনীন পূজো উদযাপন পরিষদ, কোতোয়ালী, চট্টগ্রাম ও উত্তর কাট্টলী, তালুকদার বাড়ী(বাণী মন্দির)প্রাঙ্গণ, চট্টগ্রাম। তারপরেই থাকবে খলিফাপট্টি আর ব্রজধাম স্মৃতি সংসদ ও বাকিগুলি। যেগুলি মিস করলাম, আমাকে জানান- পরেরবার আগে থেকে প্রচার করব।’
‘ময়মনসিংহের দুর্গাবাড়ি রোডের সিঁদুরখেলার মিছিল দেখে তো আমারই মনে হচ্ছিল, ওখানে চলে যাই! দেবের “ভজগৌরাঙ্গের নাম রে” গানের তালে গোটা সনাতনী সমাজ নাচছে! দারুণ। পরেরবার চেষ্টা করুন, সুপারস্টার দেব লাইভ যেন থাকে। সঙ্গে সাকিব খান। জমে যাবে কিন্তু। কুমিল্লার রথের উৎসব অভূতপূর্ব। থিমের পুজো চোখে পড়ল না। সিলেটেও তাই। মিস করে গেলে ট্যাগ করে দিয়েন।’
স্ট্যাটাসের শেষে ময়ূখ বলেন, ‘খুশির খবর, কুমিল্লার বরুড়া গ্রামে প্রথমবার মায়ের পুজো আবার নতুন করে হলো। একসময় ওই গ্রামে দারুণ করে পুজো হতো।’

