...|...|...

বিশ্ব

বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে মারধর করে বসনিয়ায় পাঠাল ক্রোয়েশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ১১:০৪
Shares
বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে মারধর করে বসনিয়ায় পাঠাল ক্রোয়েশিয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশ, ভারত, নেপাল, সুদান ও পাকিস্তানের ৫৩ অভিবাসনপ্রত্যাশীকে মারধর করে বসনিয়া-হারজেগোভিনায় জোরপূর্বক ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে ক্রোয়েশিয়ার পুলিশের বিরুদ্ধে। তবে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এমন কোনো ঘটনার বিষয়ে তাদের কাছে তথ্য নেই।

অস্ট্রিয়ার মানবিক সহায়তা সংস্থা এসওএস বলকান রুট এক বিবৃতিতে জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওই ৫৩ জনকে ক্রোয়েশিয়া থেকে বসনিয়ায় পুশব্যাক করা হয়।

সংস্থাটির দাবি, এ সময় পাঁচজন অভিবাসনপ্রত্যাশীর হাত-পা ভেঙে যায় এবং মাথায় আঘাত লাগে।

অভিবাসনপ্রত্যাশীদের বর্ণনা অনুযায়ী, মুখোশ পরা ক্রোয়েশিয়ার পুলিশের প্রায় ১৫ সদস্য নড়াচড়া করা সবাইকে মারধর করেন। সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে নথিভুক্ত সহিংসতার ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম নৃশংস বলে উল্লেখ করেছে সংস্থাটি।

মানবাধিকার সংগঠন ও স্বাধীন গণমাধ্যমগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্ত দিয়ে অনিয়মিতভাবে ঢোকার চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের ক্রোয়েশিয়ার পুলিশ জোর করে বসনিয়াসহ সীমান্তবর্তী দেশে ফিরিয়ে দেয়।

তবে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

শনিবার ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাবোর বোজিনোভিচ বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকেই তারা প্রথম এ ঘটনা সম্পর্কে জানতে পারেন।

তিনি বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। বসনিয়ার কর্তৃপক্ষ, বিশেষ করে দেশটির পুলিশের কাছ থেকেও আমরা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাইনি।

এসওএস বলকান রুটের প্রতিষ্ঠাতা পেতার রোসানদিচ বলেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তার অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নের বহিঃসীমান্তে এ ধরনের সহিংসতা এখন ‘পদ্ধতিগত’ রূপ নিয়েছে।

তিনি এএফপিকে বলেন, ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ, গণমাধ্যম, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রিয়ার রাজনীতিবিদেরা আর এ ঘটনা ধামাচাপা দিয়ে রাখতে পারেন না।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই ৫৩ জনের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু ছিলেন। বসনিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকায় ছয়টি পৃথক দল থেকে তাদের খুঁজে পাওয়া যায়।

ক্রোয়েশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘতম বহিঃস্থ স্থলসীমান্তগুলোর একটি রক্ষার দায়িত্ব রয়েছে। বলকান অঞ্চল দিয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করা অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের জন্য দেশটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পথ হিসেবেও ব্যবহৃত হয়।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, গত বছর বলকান রুটে ১২ হাজার ৫০০টির বেশি অনিয়মিত সীমান্ত পারাপারের ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।