বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশের পর যাতায়াত ও আবাসনের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে চার ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে আসামের গুয়াহাটি পুলিশ কমিশনারেটের বর্ডার শাখা। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন ক্যাবচালক এবং দুজন হোটেল ম্যানেজার রয়েছেন।
গ্রেফতার দুই ক্যাবচালক হলেন করণ সোনোয়াল ও বিপুল চেতিয়া। পুলিশের অভিযোগ, অর্থের বিনিময়ে তারা বাংলাদেশি নাগরিকদের মেঘালয় সীমান্ত থেকে আসামের রাজধানী গুয়াহাটিতে পৌঁছে দিতেন।
অন্যদিকে, গ্রেফতার সঞ্জীব হাজরিকা ও লাচিত গগৈ গুয়াহাটির খানাপাড়া এলাকার ‘হোটেল মেঘালয়’-এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তারাও অর্থের বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের ওই হোটেলে থাকার ব্যবস্থা করে দিতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক সন্দেহে ১৩ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গুয়াহাটিতে অবৈধ অনুপ্রবেশকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সাথে জড়িত একটি চক্রের সন্ধান পায় পুলিশ।
তদন্তে জানা যায়, দালালদের সহায়তায় মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর ওই ব্যক্তিরা গুয়াহাটিতে পৌঁছেছিলেন। তাদের যাতায়াত ও আবাসনের ব্যবস্থা করে দেওয়ার সাথে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
এর আগে অক্টোবর মাসে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গুয়াহাটি রেলস্টেশন ও শহরের একটি হোটেল থেকে বাংলাদেশি নাগরিক সন্দেহে ১৮ জনকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক হোটেল মালিক, দুই ম্যানেজার এবং আরও এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।


