...|...|...

সারাদেশ

বাংলাদেশকে শাদ্দাদের বেহেশতখানা মনে করেছিলেন হাসিনা: রিজভী

যশোর প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:০৪
Shares
বাংলাদেশকে শাদ্দাদের বেহেশতখানা মনে করেছিলেন হাসিনা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশকে লুটপাট ও অর্থ আত্মসাতের স্বর্গরাজ্য মনে করেছিলেন তিনি। সেই স্বর্গ হাতছাড়া হয়ে যাওয়ায় আবারও গুম-খুনের পথ বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তিনি মনে করেছেন, তার লুটপাটের স্বর্গ বাংলাদেশ, তার টাকা আত্মসাতের স্বর্গ বাংলাদেশ এটা তো হাতছাড়া হয়ে গেছে। পূর্বাচলে ৬০ কাঠা জমি কিনেছেন তিনি। আইন অনুযায়ী, ঢাকায় কারও বাড়ি থাকলে তিনি আর জমি কিনতে পারেন না। তিনি তা করেছেন। তাঁর ভাগ্নি ইংল্যান্ডের এমপি, সেই ভাগ্নির নামেও জমি কিনেছেন। বাংলাদেশকে একটা স্বর্গরাজ্য, শাদ্দাদের বেহেশতখানা মনে করেছিলেন তিনি। সেই স্বর্গ হাতছাড়া হয়ে যাওয়ায় তিনি আবারও গুম-খুনের পথ নিয়েছেন।’

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, মুক্তিযুদ্ধে অবদান ও রাজনৈতিক প্রজ্ঞার বিভিন্ন দিক তুলে ধরেন রিজভী।

বক্তব্যের শুরুতে প্রকৃত রাজনীতিবিদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে তিনি বলেন, সমাজে অনেকেই সংসদ সদস্য বা মন্ত্রী হন। কেউ পার্টটাইম ঠিকাদার বা ব্যবসায়ী হিসেবে, আবার কেউ চাকরি শেষে রাজনীতিতে যুক্ত হন।

কিন্তু একজন প্রকৃত রাজনীতিবিদ ছাত্রজীবন থেকেই নানা সংগ্রাম, ঘাত-প্রতিঘাত ও রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠেন। তরিকুল ইসলাম ছিলেন তেমনই একজন পূর্ণাঙ্গ ও ধ্রুপদি রাজনীতিবিদ।

ওয়ান-ইলেভেনের সময়ের একটি ঘটনা স্মরণ করে রিজভী বলেন, গণতন্ত্রকে পাশ কাটিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলে মিথ্যা অভিযোগে তরিকুল ইসলামসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় কারাগারে নেতাকর্মীদের উদ্দেশে তরিকুল ইসলাম বলেছিলেন, ‘তোরা যা-ই করিস, দুই বছরের আগে বেরোতে পারবি না।’ দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকেই তিনি এমন মন্তব্য করেছিলেন বলে উল্লেখ করেন রিজভী।

তরিকুল ইসলামের শিক্ষাজীবন, ছাত্ররাজনীতি, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক মননের বিষয়েও স্মৃতিচারণ করেন তিনি। পাশাপাশি ১৯৭১ সালে ভারতে অবস্থানকালে সংগঠন গড়ে তোলা এবং তরুণদের মুক্তিযুদ্ধে সম্পৃক্ত করার কাজে তরিকুল ইসলামের ভূমিকার কথা তুলে ধরেন। এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তরিকুল ইসলামের রাজনৈতিক নেতৃত্ব এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, আন্দোলনের কর্মসূচি ঘোষণার আগে বেগম খালেদা জিয়া সর্বপ্রথম তরিকুল ইসলামের নাম স্মরণ করতেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন পর্যায়ে অসুস্থতা ও চাপের মধ্যেও তিনি নেতৃত্ব দিয়েছেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে রিজভী অভিযোগ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শক্তি বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। বিভিন্ন স্থানে সহিংসতা, খুন, অগ্নিসংযোগ এবং বিরোধী নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি গুম, খুন কিংবা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে বিরোধী মত দমনের রাজনীতিতে বিশ্বাস করে না। দেশে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। গণতান্ত্রিক চর্চা বাড়লে মানুষের নিরাপত্তা বাড়বে এবং সমাজ আরও স্থিতিশীল হবে।

স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নুরুজ্জামান, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।