...|...|...

বিনোদন

বলিউডের সিনেমা কেন বক্স অফিসে ব্যর্থ হচ্ছে?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৩
Shares
বলিউডের সিনেমা কেন বক্স অফিসে ব্যর্থ হচ্ছে?

ছবি: সংগৃহীত

একসময় বলিউডের বড় তারকার সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় জমত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হিন্দি সিনেমা প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। তারকানির্ভর সিনেমা, গতানুগতিক গল্প কিংবা বড় বাজেট কোনোটিই এখন আর বক্স অফিসে সাফল্যের নিশ্চয়তা দিতে পারছে না।

চলচ্চিত্র বিশ্লেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, করোনাভাইরাস মহামারির পর দর্শকদের সিনেমা দেখার অভ্যাস ও পছন্দে বড় পরিবর্তন এসেছে। ওটিটি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব সংস্করণ দেখার সুযোগ বাড়ায় দর্শকের সামনে কনটেন্টের বৈচিত্র্যও বেড়েছে। ফলে গতানুগতিক গল্পের সিনেমা দিয়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরানো কঠিন হয়ে পড়েছে।

বিবিসি হিন্দির এক প্রতিবেদনে চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেন, বলিউডের চলচ্চিত্র ব্যবসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, সিনেমা মুক্তির পর সেটি হিট হবে নাকি ফ্লপ করবে, তা মূলত দর্শকের পছন্দের ওপর নির্ভর করে। বড় তারকার সিনেমাও ব্যর্থ হতে পারে, আবার নতুন শিল্পীর সিনেমাও অপ্রত্যাশিত সাফল্য পেতে পারে।

তার মতে, কোভিড মহামারি হিন্দি সিনেমার ব্যবসায় অনিশ্চয়তা বাড়িয়েছে। মহামারির সময় দর্শকরা টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব সংস্করণ বেশি দেখেছেন। এতে তাদের পছন্দ ও চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। তারা আগের চেয়ে ভিন্ন, আধুনিক ও সাহসী গল্পের প্রতি আগ্রহী হয়েছেন।

তরণ আদর্শের ভাষ্য, দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব সংস্করণ দেখার ফলে অনেক দর্শক বলিউডের প্রচলিত মশালা সিনেমার সীমাবদ্ধতা বুঝতে শুরু করেছেন। অন্যদিকে, শহুরে দর্শকদের লক্ষ্য করে নির্মিত সামাজিক বিষয়ভিত্তিক সিনেমাও মাল্টিপ্লেক্সে জনপ্রিয় হয়েছে।

দর্শক এখন বেছে সিনেমা দেখেন

মহামারির পর দর্শকরা আগের চেয়ে অনেক বেশি ভেবেচিন্তে সিনেমা দেখছেন বলে মনে করেন তরণ আদর্শ। এ কারণে অনেক সিনেমা ভালো উদ্বোধনী ব্যবসা করতে পারছে না। তবে ‘পুষ্পা’, ‘জওয়ান’ ও ‘অ্যানিমেল’-এর মতো সিনেমা বড় পরিসরে দর্শক আকর্ষণ করেছে।

তার মতে, মহানগরের বাইরের দর্শকদের মূলধারার সিনেমার সাথে যুক্ত করা জরুরি। এ ক্ষেত্রে সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলচ্চিত্রশিল্পের টিকে থাকার জন্য সব শ্রেণির দর্শকের কাছে পৌঁছাতে পারে এমন গণমুখী বা ‘মাস’ সিনেমা প্রয়োজন।

তারকা ম্যানেজারদের হস্তক্ষেপ নিয়েও প্রশ্ন

বলিউডে তারকাদের ম্যানেজারদের বাড়তি হস্তক্ষেপকেও সিনেমার ব্যর্থতার একটি কারণ হিসেবে দেখছেন তরণ আদর্শ। তার অভিযোগ, চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তারকা ম্যানেজাররা অনেক সময় নির্মাতাদের কাজে হস্তক্ষেপ করেন এবং অভিজ্ঞ নির্মাতাদের মতামত উপেক্ষা করেন।

তিনি বলেন, চলচ্চিত্র বোর্ডরুমে তৈরি হয় না, এটি তৈরি হয় ভালোবাসা, আবেগ ও নিষ্ঠা দিয়ে। অভিনেতাদের চিত্রনাট্য লেখা এবং চলচ্চিত্র নির্মাণের অন্যান্য বিভাগে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা উচিত বলেও মত দেন তিনি।

সিনেমার গানের গুরুত্বের কথাও তুলে ধরেন এই বিশ্লেষক। তার মতে, আগে সিনেমা মুক্তির অনেক আগেই গান প্রকাশ করা হতো। এসব গান সিনেমার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এবং দর্শকদের প্রেক্ষাগৃহে যেতে আগ্রহী করত। কিন্তু এখন গানের পেছনে আগের মতো সময় দেওয়া হচ্ছে না।

ভালো গল্প ও নিয়ন্ত্রিত বাজেট জরুরি

প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালার মতে, সিনেমার সাফল্য অনেকাংশে নির্ভর করে গল্প, বিষয়বস্তু এবং শিল্পী নির্বাচনের ওপর। গল্পের সাথে মানানসই অভিনেতা নির্বাচন করা গেলে ব্যর্থতার ঝুঁকি কমে।

তিনি বলেন, বড় বাজেটের সিনেমা আর অযথা জাঁকজমকপূর্ণ সিনেমা এক বিষয় নয়। পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করে ভালো সিনেমা নির্মাণ করা সম্ভব। তবে নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণে রাখা, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং মানের সঙ্গে আপস না করা জরুরি।

তার মতে, সিনেমার আয়ের হিসাব করতে শুধু বক্স অফিস নয়, ডিজিটাল, স্যাটেলাইট ও গানের স্বত্ব বিক্রি থেকেও সম্ভাব্য আয়ের বিষয় বিবেচনায় রাখতে হবে। শুধু তারকার জনপ্রিয়তা দিয়ে দর্শককে প্রেক্ষাগৃহে আনা সম্ভব নয়; শক্তিশালী গল্প ও বিষয়বস্তুই সিনেমার মূল ভিত্তি।

পরিচালক-প্রযোজক আহমেদ খানও মনে করেন, সিনেমা নির্মাণ একটি সম্মিলিত প্রক্রিয়া। পরিচালক, প্রযোজক, অভিনেতা, কলাকুশলী ও স্টুডিও-সবার ভূমিকা রয়েছে। দর্শক এখন সিনেমা দেখতে যাওয়ার জন্য নির্দিষ্ট কারণ খোঁজেন। সেটি প্রেমের গল্প হোক কিংবা যুদ্ধভিত্তিক নাটক-সিনেমার বিষয়বস্তু আকর্ষণীয় হলে দর্শক প্রেক্ষাগৃহে যাবেন।

তারকার চেয়ে বিষয়বস্তুকে গুরুত্ব দিচ্ছেন দর্শক

ম্যাক্স মার্কেটিংয়ের প্রতিষ্ঠাতা-পরিচালক বরুণ গুপ্তার মতে, গত এক দশকে শিক্ষিত, উচ্চ-মধ্যবিত্ত ও জেন-জি দর্শকদের সিনেমা দেখার পছন্দে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তারা এখন তারকার চেয়ে সিনেমার বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দেন।

বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা ও ওটিটি কনটেন্ট দেখার সুযোগ থাকায় দর্শকরা এখন গল্পের বিশ্বাসযোগ্যতা ও মৌলিকত্ব সহজেই বিচার করতে পারেন। ফলে শুধু বড় তারকা বা চোখধাঁধানো আয়োজন দিয়ে তাদের আকৃষ্ট করা কঠিন।

বরুণ গুপ্তার মতে, ক্রাইম থ্রিলারের মতো কিছু ঘরানার সিনেমার দর্শক প্রেক্ষাগৃহে টানা কঠিন হয়ে উঠছে। কারণ, এ ধরনের কনটেন্ট দেখার জন্য ওটিটি প্ল্যাটফর্ম অনেকের কাছে বেশি উপযোগী। তবে ‘মিসিং লেডিস’, ‘মুঞ্জ্যা’, ‘টুয়েলভথ ফেল’ ও ‘হনুমান অংশ’-এর মতো সিনেমার সাফল্য প্রমাণ করে, ভালো গল্প এখনো দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে পারে।

তিনি মনে করেন, দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে সিনেমার বিষয়বস্তু, তারকাখ্যাতি ও নির্মাণের জাঁকজমকের মধ্যে সঠিক ভারসাম্য প্রয়োজন। পাশাপাশি সৃজনশীল স্বাধীনতা ও বাণিজ্যিক পরিকল্পনাকেও আলাদা গুরুত্ব দিতে হবে।

প্রেক্ষাগৃহের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ

এনএক্সটি সিনেমাসের হেড অব অপারেশনস নীতিন গুপ্তার মতে, দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরানোর মূল চাবিকাঠি ভালো বিষয়বস্তু। বড় তারকার সিনেমা প্রথম সপ্তাহান্তে ভালো ব্যবসা করলেও গল্প দুর্বল হলে তা দীর্ঘদিন বক্স অফিসে টিকে থাকতে পারে না।

অন্যদিকে, মাল্টিপ্লেক্স ব্যবসার সাথে যুক্ত গৌরব মিশ্র মনে করেন, বয়স ও সামাজিক শ্রেণি নির্বিশেষে দর্শক এমন সিনেমা দেখতে চান, যা তাদের বিনোদন দেবে এবং মনে ছাপ ফেলবে। শ্রমজীবী দর্শক টিকিটের মূল্য উসুল করতে চান, মধ্যবিত্ত দর্শক পরিবারের সঙ্গে উপভোগ করার মতো সিনেমা খোঁজেন, আর তরুণ দর্শক নতুনত্ব ও নিজেদের জীবনের সঙ্গে সংযোগ খুঁজে পান।

তার মতে, দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাতে ধারাবাহিকভাবে ভালো মানের সিনেমা নির্মাণ, বিভিন্ন ঘরানার ছবি মুক্তি, সাশ্রয়ী টিকিট এবং উন্নত প্রেক্ষাগৃহের অভিজ্ঞতা নিশ্চিত করা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, বলিউডের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বদলে যাওয়া দর্শকের পছন্দ বুঝে সিনেমা নির্মাণ করা। বড় তারকা কিংবা বিপুল বাজেট নয়, বিশ্বাসযোগ্য গল্প, ভালো নির্মাণ এবং দর্শকের সময় ও অর্থের যথাযথ মূল্য দিতে পারলেই প্রেক্ষাগৃহে ফিরতে পারেন দর্শকরা।

সূত্র: বিবিসি