...|...|...

জাতীয়

গুম দিবসের আলোচনায় শহীদুল আলম

বর্তমান সরকারের উদাসীনতা আমাদেরকে ভীতসন্ত্রস্ত করে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, রাত ১১:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৪৩
Shares
বর্তমান সরকারের উদাসীনতা আমাদেরকে ভীতসন্ত্রস্ত করে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরসি মজুমদার মিলনায়তনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ‘শুনতে কি পাও?’ শীর্ষক এই আলোচনা সভার পাশাপাশি গুম নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘জোয়ার’ প্রদর্শিত হয়।

সোমবার (৩১ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম। সভায় উপস্থিত গুমের শিকার ব্যক্তিদের স্বজন ও মানবাধিকারকর্মীরা গুমের বিচার ও নিখোঁজদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আকুল আকুতি জানান।

অনুষ্ঠানে মানবাধিকারকর্মী ড. শহীদুল আলম বিগত সময়ের নির্যাতনের স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা যে বিভীষিকাময় সময় পার করেছি, তা যেন আর কখনোই ফিরে না আসে। তবে বিপ্লব-পরবর্তী সময়ে সরকারের কিছু উদাসীনতা আমাদের আবার ভীতসন্ত্রস্ত করে তোলে।’ আইন ও সালিশ কেন্দ্রের সাবেক প্রধান নূর খান লিটন বলেন, গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, পুরো রাষ্ট্রযন্ত্রের সমন্বয়ে তা ঘটানো হয়েছিল।

রাষ্ট্রীয় গুমের শিকার ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম তার বন্দিদশার স্মৃতি তুলে ধরে সবাইকে ফিরিয়ে আনার দাবি জানান। গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল-মুকাদ্দাসের বাবা আব্দুল হালিম ও হা. জাকের হুসাইনের ভাই মো. মতিউর রহমান কান্নাভেজা কণ্ঠে প্রিয়জনের সন্ধান বা অন্তত মরদেহের দাবি জানান।

ডাকসুর প্রশাসনিক ও কার্যনির্বাহী সদস্যসহ অনুষ্ঠানে গবেষক নওশীন শর্মিলা রিতু, ডাকসুর জিএস এস এম ফরহাদ, এজিএস মুহা. মুহিউদ্দীন খাঁন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বক্তব্য দেন।