ভোলা সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ সাহিদা আক্তার সুমনা ২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত গুণী শিক্ষক প্রতিযোগিতায় বরিশাল বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের গুণী শিক্ষক প্রতিযোগিতায় অংশ নেন তিনি।
এর আগে সাহিদা আক্তার সুমনা জেলা পর্যায়েও গুণী শিক্ষক নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি ভোলা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারি ব্যবস্থাপনায় চীন সফর করেন। তার নেতৃত্বে ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।
শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা ও গণমাধ্যম প্রশিক্ষণেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সাহিদা সুমনার। ২০০০ সালে নারী সাংবাদিক হিসেবে ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) থেকে ‘প্রাকৃতজন পুরস্কার’ লাভ করেন তিনি। পরবর্তীতে এমএমসির প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে বরিশাল ও খুলনা বিভাগের সাংবাদিকদের প্রশিক্ষণ দেন।
সাহিদা সুমনা ঝালকাঠির আবুল কালাম আজাদ আবু মিয়ার মেয়ে। তিনি বরিশাল ব্রজমোহন কলেজ থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া বিএড ও সিইনএড ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতায় আসার আগে তিনি গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ভোলা শিক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তার নেতৃত্বে ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান, অবকাঠামো এবং সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সাহিদা আক্তার সুমনা ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সহধর্মিণী।

