বিসিক শিল্প নগরীতে বৈধ প্রতিষ্ঠান থাকার কথা থাকলেও আসল চিত্র ভিন্ন, রাতের আঁধারে অবৈধভাবে সিসা উৎপাদন করা হচ্ছে বিসিক শিল্প নগরীতে।
স্থানীয়দের দাবি, একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে।
স্থানীয় সূত্র ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দিনের আলোয় স্বাভাবিক কার্যক্রম চললেও রাতের বেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সিসা উৎপাদনের কাজ পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, এ ধরনের কার্যক্রম থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য পরিবেশ এবং আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
স্থানীয়দের কয়েকজন অভিযোগ করেন, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিক।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী–আমতলীর সমন্বয়ক এ বিষয়ে আরিফুর রহমান বলেন, বরগুনায় অবৈধভাবে পরিচালিত সিসা গলানোর মতো ভয়াবহ কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত। এ ধরনের কার্যক্রম পরিবেশ, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। আমরা আশা করি, সংশ্লিষ্ট প্রশাসন কোনো ধরনের প্রভাব বা আর্থিক লেনদেনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে অভিযান পরিচালনা করবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


