বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলঢলুয়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে মো. বেল্লাল (২৮) এবং তার স্ত্রী কমলা বেগম (২২)। বেল্লাল পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
সদর থানা পুলিশ ও স্বজনরা জানান, রবিবার (৬ জুলাই) রাতে নিহত বেল্লাল নিজের বাড়িতে অটোরিকশাটি চার্জে বসিয়েছিলেন। সকাল ৮টার দিকে তিনি চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামীর চিৎকার শুনে তাকে বাঁচাতে স্ত্রী কমলা এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।
চিৎকার শুনে বড় মেয়ে তাকে ছাড়াতে এগিয়ে গেলে তাকেও বিদ্যুৎস্পৃষ্ট করে। তবে তার পায়ে জুতা থাকায় তিনি তীব্র বৈদ্যুতিক শকের ধাক্কায় ছিটকে পড়ে যান, ফলে প্রাণে রক্ষা পান। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


