শরীরচর্চার প্রতি ভালোবাসা থেকেই পথচলা শুরু। সেই ভালোবাসাকে পুঁজি করে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান। ছোট্ট একটি কক্ষে শুরু হওয়া সেই উদ্যোগ আজ পরিচিতি পেয়েছে দেশের ফিটনেস অঙ্গনে। বলছি উদ্যোক্তা রুসলান হোসেনের কথা। এবার তার কর্মজীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের (BABBF) অ্যাডহক কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
পৃথিবীতে ব্যবসার ধরন অনেক। তবে সময়ের চাহিদা বুঝে নতুন ব্যবসায়িক ধারণা তৈরি করা এবং সেটিকে সফলতার পর্যায়ে নিয়ে যাওয়া সহজ কাজ নয়। রুসলান হোসেন সেই চ্যালেঞ্জই নিয়েছিলেন। ছোটবেলা থেকেই শরীরচর্চার প্রতি ছিল তার বিশেষ আগ্রহ। সেই আগ্রহ থেকেই প্রচলিত ধারার বাইরে গিয়ে জিম ব্যবসার পরিকল্পনা করেন তিনি।
২০০৮ সালে মাত্র একটি ছোট কক্ষে ‘রুসলান স্টুডিও’ নামে যাত্রা শুরু করেন রুসলান। সীমিত পরিসরে শুরু হওয়া সেই উদ্যোগ ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। বর্তমানে রাজধানীর বনানী ও ধানমন্ডিতে রয়েছে প্রতিষ্ঠানটির দুটি শাখা। শরীরচর্চার পাশাপাশি সুস্থ জীবনযাপনে আগ্রহী মানুষের জন্য প্রতিষ্ঠানটি তৈরি করেছে নিজস্ব পরিচিতি।
শুধু উদ্যোক্তা হিসেবেই নয়, বডিবিল্ডিং অঙ্গনেও রয়েছে রুসলান হোসেনের সম্পৃক্ততা ও অর্জন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন তিনি। শরীরচর্চাকে পেশা ও জীবনযাপনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।
এবার বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সহসভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন তিনি। এই দায়িত্বের মধ্য দিয়ে দেশের বডিবিল্ডিং অঙ্গনে আরও সরাসরি ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে তাঁর। বিশেষ করে খেলোয়াড়দের অধিকার, সুযোগ-সুবিধা, প্রতিযোগিতার পরিবেশ এবং বডিবিল্ডিংয়ের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
টাইমস টুডেকে রুসলান হোসেন জানান, মানুষকে সঠিক জীবনধারার পথে উদ্বুদ্ধ করাই তার উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তাঁর মতে, সুস্থ ও সুন্দর জীবন গঠনে শরীরচর্চার কোনো বিকল্প নেই। এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি।
একটি ছোট কক্ষ থেকে শুরু হওয়া উদ্যোগ আজ দুটি শাখায় বিস্তৃত। ব্যক্তিগত আগ্রহ থেকে তৈরি হয়েছে ব্যবসায়িক পরিচিতি, আর সেই পথচলায় এবার যুক্ত হয়েছে সাংগঠনিক দায়িত্ব। রুসলান হোসেনের এই যাত্রা শরীরচর্চার প্রতি ভালোবাসাকে স্বপ্নে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্প।

