শরীরগঠন কেবল পেশি গঠন বা শারীরিক সৌন্দর্যচর্চা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শৃঙ্খলা, অধ্যবসায় ও দীর্ঘদিনের সাধনা। বাংলাদেশের বডিবিল্ডিং অঙ্গনে সংগঠক, বিচারক ও উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন নুরুল ইসলাম খান নাঈম। এবার বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের (বিএবিবিএফ) অ্যাডহক কমিটিতে যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন নাঈম। শিক্ষাজীবনের পাশাপাশি শরীরগঠন চর্চা ও বডিবিল্ডিংয়ের সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন তিনি। সময়ের সঙ্গে দেশের এই ক্রীড়াঙ্গনে গড়ে তুলেছেন নিজের অবস্থান।
শরীরগঠন চর্চার প্রসার এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতে প্রতিষ্ঠা করেছেন সাউথ পয়েন্ট ফিটনেস জোন ও ডায়মন্ড জিম। ২০০৭ সাল থেকে মিস্টার ঢাকা বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২০১১ সাল থেকে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের জাতীয় বডিবিল্ডিং বিচারক হিসেবে কাজ করছেন তিনি।
দেশের বাইরেও রয়েছে তাঁর কাজের অভিজ্ঞতা। ২০১৮ সাল থেকে এশিয়ান ফিটনেস অ্যান্ড বডিবিল্ডিং ফেডারেশনের আন্তর্জাতিক স্পোর্টস জাজ হিসেবে দায়িত্ব পালন করছেন নাঈম। এ ছাড়া বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাবেক মিডিয়া কমিটির চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালে সাউথ এশিয়ান বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তিনি। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট সাতটি পদক অর্জন করে।
দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিচারক হিসেবে কাজের দক্ষতা এবং বডিবিল্ডিংয়ের প্রসারে ভূমিকার ধারাবাহিকতায় এবার ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম খান নাঈম। নতুন এই দায়িত্বে দেশের বডিবিল্ডিং অঙ্গনের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

