সর্বজনীন পেনশন স্কিমের আওতা সম্প্রসারণ, অধিকসংখ্যক নাগরিককে এ ব্যবস্থার আওতায় নিয়ে আসা এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের উদ্যোগে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবনের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন এমআরএর পরিচালক জনাব আব্দুল মান্নান। এ ছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য শেখ কামরুল হাসান সভায় বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় দেশের প্রাঅর্ধ শতাধিক বৃহৎ এনজিওর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়া অর্থ বিভাগ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. মো. সুরাতুজ্জামান আজকের আয়োজনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি সর্বজনীন পেনশন ব্যবস্থাকে নাগরিকের দীর্ঘমেয়াদি আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি এনজিওগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে নিবন্ধনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি তাদের বিস্তৃত কর্মপরিধি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং উপকারভোগীদের সাথে বিদ্যমান যোগাযোগব্যবস্থাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে সর্বজনীন পেনশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি এনজিও প্রতিনিধিদের নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
তিনি আরও বলেন, এনজিওগুলো দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে কাজ করে। ফলে তাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণ সর্বজনীন পেনশন ব্যবস্থার বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং অধিকসংখ্যক মানুষকে এ ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান সভায় অংশগ্রহণকারী সকল অতিথি ও প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রসার এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম, নিবন্ধন প্রক্রিয়া, বিভিন্ন স্কিমের বৈশিষ্ট্য এবং এনজিওগুলোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে এ কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সভায় অংশগ্রহণকারী এনজিও প্রতিনিধিরা এ উদ্যোগের বিষয়ে তাদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
সর্বজনীন পেনশন ব্যবস্থার ব্যাপক প্রসার, প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এ মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

