...|...|...

বিশ্ব

ফ্রান্সে সাইবার হামলায় ২ কোটি ২০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ৮:০৮
Shares
ফ্রান্সে সাইবার হামলায় ২ কোটি ২০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস

ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাষ্ট্রীয় ডাক পরিষেবা লা পোস্ট গ্রুপের ডিজিটাল সহযোগী প্রতিষ্ঠান মেইলেভায় সাইবার হামলায় প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। রবিবার ফরাসি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, ফরাসি দৈনিক লে ফিগারো ও লা ত্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে মেইলেভায় বড় ধরনের সাইবার অনুপ্রবেশের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটি লা পোস্টের ডিজিটাল শাখা ডকাপোস্টের অধীনে পরিচালিত হয়।

সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম সাইবারআতাক.অর্গের তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ হামলায় ফ্লান্দ্র ওপাল আবিতাত ও আলতেয়ালের মতো সামাজিক আবাসন প্রদানকারী প্রতিষ্ঠান ছাড়াও কয়েকটি চিকিৎসা পরীক্ষাগার এবং সুরেসনের ফোশ হাসপাতালের রোগীদের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

হ্যাকাররা কিছু অর্থ পরিশোধের তাগিদসংক্রান্ত চিঠির তথ্য হাতিয়ে নেয় বলে জানা গেছে। এতে ফাঁস হয়েছে চালান নম্বর, চিকিৎসার তারিখ এবং বকেয়া অর্থের পরিমাণ।

মেইলেভা জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে ফ্রান্সের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ ন্যাশনাল কমিশন অন ইনফরমেটিকস অ্যান্ড লিবার্টিজকে (সিএনআইএল) অবহিত করা হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযোগও দায়ের করেছে প্রতিষ্ঠানটি। আইন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সব প্রাতিষ্ঠানিক গ্রাহককে বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে।

৭০ হাজারের বেশি প্রাতিষ্ঠানিক গ্রাহককে সেবা দেওয়া মেইলেভা বেতনপত্র, চালান ও নিবন্ধিত চিঠি পাঠানোর কাজ করে। ফরাসি সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, দেশটির প্রায় এক-তৃতীয়াংশ মানুষের ওপর প্রভাব ফেলা এ তথ্য ফাঁস ফ্রান্সের ইতিহাসে অন্যতম বড় সাইবার তথ্য চুরির ঘটনা।