সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অত্যাধুনিক বার্মিজ চাকু প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বগুড়ায় দুই তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু ও ১৫০ সিসির নম্বরপ্লেটবিহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টা ৩৫ মিনিটে জেলার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় সোমবার ১২ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতার ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট মধ্যপাড়া এলাকার মো. এরশাদুল রহমানের ছেলে মো. এরিন আহম্মেদ সুইট (১৯) এবং একই উপজেলার বিলকেশপাথার এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. মিরাজুল (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সুইট নামের এক তরুণের হাতে একটি অত্যাধুনিক বার্মিজ চাকু প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বিশেষ ভঙ্গিতে চাকু প্রদর্শনের দৃশ্যটি জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ধারণ ও প্রচার করা হয়েছে বলে পুলিশের দাবি। বিষয়টি প্রশাসন ও সচেতন মহলের নজরে এলে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর নির্দেশে ডিবি পুলিশ তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রুবেল প্রামাণিকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ওই দুই তরুণকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৬ দশমিক ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটি বন্ধ অবস্থায় ৪ দশমিক ১ ইঞ্চি লম্বা ছিল। এ ছাড়া অপরাধের কাজে ব্যবহারের অভিযোগে ১৫০ সিসির একটি নম্বরপ্লেটবিহীন পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


