ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার ভ্যান জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস এবং চোরাচালানে ব্যবহৃত একটি কাভার ভ্যান জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামাল ও কাভার ভ্যানের মোট আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা। এসব পণ্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

