...|...|...

জাতীয়

ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরছে কেরানীগঞ্জে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, রাত ৮:১১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৪:২২
Shares
ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরছে কেরানীগঞ্জে

ছবি: সংগৃহীত

ঢাকার যানজট নিরসন, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের আগে আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে ফুলবাড়িয়া বাস টার্মিনাল স্থানান্তরের প্রকল্প বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, টার্মিনালটি স্থানান্তর হলে রাজধানীর কেন্দ্রীয় এলাকায় বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমবে এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ দীর্ঘমেয়াদি প্রকল্প হওয়ায় দ্রুত যাত্রী ও যানবাহন ব্যবস্থাপনার জন্য ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (Electronic Toll Collection) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য একটি অ্যাপ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগামী চার মাসের মধ্যে এ কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।