...|...|...

ময়মনসিংহ

ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলপুর- তারাকান্দা প্রতিনিধি
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৩৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৩
Shares
ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফুলপুর শেরপুর রোড সংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর-তারাকান্দার গণমানুষের নেতা মোতাহার হোসেন তালুকদার।

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি হয়।