...|...|...

খেলা

ফুটবল ছাড়ার পর কি অভিনয়ে পা রাখবেন রোনালদো

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১১
Shares
ফুটবল ছাড়ার পর কি অভিনয়ে পা রাখবেন রোনালদো

ছবি: সংগৃহীত

ফুটবল ক্যারিয়ার শেষ করার পর ক্রিশ্চিয়ানো রোনালদো কী করবেন, সেটি নিয়ে কৌতূহল রয়েছে তার কোটি কোটি ভক্তের। এখনই অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না পর্তুগিজ মহাতারকার ভবিষ্যৎ পরিকল্পনা কী। তবে মাঠের বাইরে তার সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে সম্প্রতি জোরালোভাবে আলোচনায় এসেছে হলিউড। অভিনয়ে নামার সম্ভাবনাও তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রোনালদোর অভিনয়ে আসার সম্ভাবনা নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যম গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন সাবেক এমএলএস তারকা ও প্রিমিয়ার লিগের গোলরক্ষক শাকা হিসলপ। ৫৭ বছর বয়সী হিসলপ মনে করেন, রোনালদোর হলিউডে পা রাখা অসম্ভব কোনো বিষয় নয়। তিনি বলেন, ‘শুনুন, আমি মনে করি ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও বিশ্বের অন্যতম বিখ্যাত মানুষ। তিনি কী করবেন, সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত। আর সত্যি বলতে, টাকার দিক থেকে তার কোনো ঘাটতি নেই।

ফুটবলকে ঘিরে দীর্ঘ ক্যারিয়ারে রোনালদো নিজেকে শুধু একজন তারকা খেলোয়াড় হিসেবেই সীমাবদ্ধ রাখেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুল জনপ্রিয়তা এবং নানা ব্যবসায়িক উদ্যোগ তাকে ক্রীড়াঙ্গনের বাইরেও বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত করেছে। ফলে অবসরের পর বিনোদন জগতে পা রাখার সম্ভাবনাটিও বেশ বাস্তব বলেই মনে করছেন অনেকে।

রোনালদোর অভিনয়ের প্রতি আগ্রহের কথা অবশ্য নতুন নয়। পাঁচবারের ব্যালন ডি‘ অর জয়ী এই তারকাকে নিয়ে সাবেক কয়েকজন ফুটবলারও এর আগে এমন সম্ভাবনার কথা বলেছেন। হিসলপের মতে, অর্থ উপার্জনের জন্য নয়, নিজের ভালো লাগা থেকেই ভবিষ্যতে রোনালদো নতুন কোনো কাজ বেছে নিতে পারেন।

হিসলপ আরও বলেন, ‘তাই তিনি যা ই করুন না কেন, সেটা করবেন ভালোবাসা ও আগ্রহ থেকে। তিনি হলিউডে যাবেন কি না, সেটা আমি বলতে পারি না। তবে তিনি নিজের ইচ্ছামতো যা খুশি করার অধিকার অর্জন করেছেন এমনকি হলিউডে গিয়ে ভিনি জোন্সের সাইডকিক হিসেবেও কাজ করতে হলে সেটিও।

রোনালদোর সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ মিকায়েল সিলভেস্ত্রেও আগে তার অভিনয়ে আসার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তার বিশ্বাস, অভিনয়ে গেলেও রোনালদোর সাফল্যের সম্ভাবনা অনেক। এ ক্ষেত্রে ফুটবল ছেড়ে অভিনয় জগতে সফল হওয়া ভিনি জোন্সের উদাহরণও টেনেছিলেন তিনি।

বিশ্বকাপজয়ী ফ্রান্সের সাবেক তারকা এমানুয়েল পেতিও রোনালদোর অভিনয় সম্ভাবনা নিয়ে আশাবাদী। তার মতে, রোনালদোর ব্যক্তিত্ব, ক্যারিশমা এবং বিশ্বজুড়ে পরিচিতি হলিউডে তাকে অন্যদের থেকে আলাদা করে দিতে পারে।

পেতি বলেন, ‘আমি মনে করি তার মধ্যে ক্যারিশমা ও আভা দুটিই আছে। রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বিখ্যাত ব্যক্তি। ভাবুন তো, যদি সে হলিউডের বড় বড় তারকাদের মাঝে থাকে! ওই লোকগুলোর সামনে তার কিছুই প্রমাণ করার নেই। সে বলতে পারে, ‘আমি জানি, তুমি বড় তারকা। কিন্তু আমি ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আমি। আমি একজন বিলিয়নিয়ার। ফুটবলে জেতার মতো সবকিছুই আমি জিতেছি। তাহলে তুমি কে?’

তিনি আরও বলেন, ‘অস্কার? একদিন হয়তো সেটাও হবে। সত্যি বলতে, তার জীবন নিয়ে একটি সিনেমা বানানো যায়। মানসিকভাবে তার চেয়ে শক্তিশালী কাউকে আমি কখনো দেখিনি। মানসিক দৃঢ়তার দিক থেকে এই মানুষটিই আমার দেখা সবচেয়ে শক্তিশালী।

তবে হলিউড নিয়ে যতই আলোচনা হোক, রোনালদোর বর্তমান মনোযোগ পুরোপুরি ফুটবলেই। ৪০ পেরিয়েও সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। ক্লাবটির সাথে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি রয়েছে তার। ক্যারিয়ারে ১ হাজার প্রতিযোগিতামূলক গোলের ঐতিহাসিক মাইলফলকে পৌঁছানোর আগে ফুটবল ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলেই জানা যাচ্ছে।