...|...|...

খেলা

ম্যারাডোনার সাথে খেলতে না পারার আক্ষেপ কাফুর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৭
Shares
ম্যারাডোনার সাথে খেলতে না পারার আক্ষেপ কাফুর

ছবি: সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফুর মনে এখনো একটি আক্ষেপ রয়ে গেছে, আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সাথে একই দলে খেলতে পারেননি তিনি। কলকাতায় এসে নিজের ক্যারিয়ার, সতীর্থ ভারতীয় ফুটবল নিয়ে খোলামেলা কথা বলেছেন সর্বকালের অন্যতম সেরা রাইটব্যাক।

কলকাতায় বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন কাফু। সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগানের সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার হোসে রামিরেজ ব্যারেটো। তার সাথে র‍্যাপিড ফায়ার পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাফু এবং সেখানেই ম্যারাডোনাকে নিয়ে নিজের আক্ষেপের কথা জানান।

ব্যারেটোর প্রশ্নের জবাবে কাফু বলেন, ‘পেলের সাথে খেলেছি আগে। তাই ম্যারাডোনার সাথে না খেলার আক্ষেপ রয়েছে।‘ তার এই উত্তরের পর অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে হাততালির ঝড় ওঠে।

ব্রাজিলের জার্সিতে রোনাল্দো নাজারিও রোমারিওর মতো দুই কিংবদন্তি স্ট্রাইকারের সাথে খেলেছেন কাফু। সতীর্থ হিসেবে দুজনের মধ্যে কে বেশি ভয়ঙ্কর ছিলেন এমন প্রশ্নে অবশ্য রোনাল্দোকেই বেছে নেন তিনি। ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপে খেলা কাফুর কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্তও স্পষ্ট। ব্রাজিলের অধিনায়ক হিসেবে পঞ্চমবার বিশ্বকাপ জেতাকেই নিজের সেরা স্মৃতি হিসেবে উল্লেখ করেন তিনি।

ক্যারিয়ারে অন্য কোনো ফুটবলারের একটি বিশেষ গুণ নিজের মধ্যে নিতে পারলে সেটি কী হতো এমন প্রশ্নেও মজার উত্তর দিয়েছেন কাফু। ইতালির সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলোর ফুটবলীয় বুদ্ধিমত্তার প্রশংসা করে তিনি বলেন, ‘পিরলোর মতো ফুটবল বুদ্ধি চাই।

কাফু আরও জানান, বর্তমান সময়ে ফুটবল খেলা শুরু করলে হয়তো স্ট্রাইকার হিসেবে খেলতে চাইতেন। কারণ রাইটব্যাক হিসেবে পুরো ক্যারিয়ারজুড়ে অনেক দৌড়াতে হয়েছে। তাই এবার সুযোগ পেলে আক্রমণভাগেই খেলতে চাইতেন বলে মজার ছলে জানান তিনি।

ভারতীয় ফুটবল নিয়েও আশাবাদী কাফু। তার মতে, খেলাধুলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে স্কুলের ভূমিকা গুরুত্বপূর্ণ। ভারতকে ভবিষ্যতে বিশ্বকাপের মঞ্চে দেখার ব্যাপারেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

 ভারত ব্রাজিলের সম্ভাব্য ম্যাচ প্রসঙ্গে কাফু বলেন, ‘আশা করছি, দারুণ একটা ম্যাচ হবে। হয়তো খুব দ্রুত ভারতকে বিশ্বকাপে খেলতে দেখা যাবে। তার জন্য বিশ্বাস রাখতে হবে। জন্য ভারতকে শুভেচ্ছা।

 ২০০২ সালে ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ে অধিনায়ক ছিলেন কাফু। এরপর ২৪ বছর ধরে বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। ২০২৬ সালের বিশ্বকাপেও সেই অপেক্ষা শেষ হয়নি। তবে বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে পুরোনো সাফল্যের স্মৃতি এখনো তার কাছে সমান উজ্জ্বল।