ফুটবল ক্যারিয়ারে কোটি কোটি ইউরো আয়, অসংখ্য শিরোপা জয় আর বিশ্বের নামকরা ক্লাবে খেলার অভিজ্ঞতা সবই রয়েছে ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেজের ঝুলিতে। কিন্তু জীবনের সুখের হিসাব করতে গিয়ে এসব অর্জনের চেয়ে কারাগারের দিনগুলোকে বেশি তৃপ্তির বলে মনে করছেন তিনি। আলভেজের দাবি, ফুটবল খেলে লাখ লাখ ইউরো আয়ের সময়ের তুলনায় কারাগারে কাজ করে পাওয়া মাত্র ১১৩ ইউরোতেই বেশি সুখী ছিলেন তিনি।
সম্প্রতি এক ধর্মীয় আলোচনায় নিজের জীবনের এই উপলব্ধির কথা জানান ৪৩ বছর বয়সী সাবেক এই ফুটবলার। স্পেনের বার্সেলোনার একটি কারাগারে ১৪ মাস কাটানোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, কীভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাস তার জীবন ও সুখের ধারণা বদলে দিয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গোল ডটকম।
আলভেজ বলেন, ‘সৃষ্টিকর্তার কৃপায় আমি লাখ লাখ ইউরো আয় করেছি। কিন্তু কারাগারে ১১৩ ইউরো আয় করেও লাখ লাখ ইউরো আয়ের সময়ের চেয়ে বেশি সুখী ছিলাম।’
কারাগারে অবস্থানকালে কাজ করে ওই ১১৩ ইউরো আয় করেছিলেন আলভেজ। তার মতে, অর্থ কিংবা পেশাগত সাফল্য নয়, বরং ঈশ্বরের প্রতি বিশ্বাসই তাকে জীবনের প্রকৃত সুখ ও পরিপূর্ণতার সন্ধান দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধর্মীয় সভা ও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। সেখানে কারাবাসের অভিজ্ঞতা এবং নিজের আধ্যাত্মিক পরিবর্তনের গল্প তুলে ধরছেন সাবেক এই তারকা।
২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে আলভেজের বিরুদ্ধে। পরের বছরের জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেনের একটি আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন।
তবে ফুটবল মাঠে আলভেজের অর্জন ছিল ঈর্ষণীয়। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ারে রয়েছে ৪৬টি শিরোপা। বার্সেলোনার হয়ে ৪০৯ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি জিতেছেন ২৩টি ট্রফি। এর মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা শিরোপা।
এ ছাড়া জুভেন্টাসের হয়ে ইতালিয়ান সিরি ‘আ’ এবং পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ জিতেছেন তিনি। ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৬টি ম্যাচ। দেশটির জার্সিতে দুবার কোপা আমেরিকা ও দুবার কনফেডারেশনস কাপ জয়ের কৃতিত্বও রয়েছে তার।


