ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে পৃথক বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতাই ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের আন্তর্জাতিক ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় পাঠানো বার্তায় শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিন ইস্যু। আঞ্চলিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যেন এই ইস্যু থেকে সরে না যায়, সে বিষয়ে সতর্ক করেন তিনি।
চীনা প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন সমস্যার সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক নীতিতে অটল থাকা জরুরি। একই সাথে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করারও আহ্বান জানান তিনি।
শি জিনপিং আরও বলেন, পশ্চিম তীরের প্রশাসন এবং যুদ্ধ-পরবর্তী গাজার পুনর্গঠনে ‘ফিলিস্তিনিদেরই ফিলিস্তিন শাসন করতে হবে’—এই নীতি অনুসরণ করা উচিত। ফিলিস্তিনি ভূখণ্ডে যেকোনো ধরনের দখলদারত্ব ও লঙ্ঘনের বিরোধিতা করার কথাও বলেন তিনি।
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শি। তার ভাষায়, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুনরুদ্ধারের ন্যায্য সংগ্রামে চীন সব সময় সমর্থন দিয়ে এসেছে।
অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও স্বার্থের প্রতি মস্কোর সমর্থন অব্যাহত থাকবে। এর মধ্যে স্বাধীন ও ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাও রয়েছে।
পুতিন বলেন, মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ ও ন্যায়সংগত সমাধানে পৌঁছাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে কাজ চালিয়ে যেতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ফিলিস্তিন ও রাশিয়ার ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশ সংলাপ ও যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবে।


