ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলে একটি বিমানঘাঁটিতে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান পরস্পরের সাথে সংঘর্ষ বা দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এতে চারজন পাইলট নিহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দেশটির সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বাতাঙ্গাস প্রদেশের ফার্নান্দো এয়ার বেসে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ফিলিপাইন বিমানবাহিনীর এসএফ-২৬০ মডেলের দুটি বিমান অংশ নিয়েছিল।
বিমানবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে যে বিমান দুটি আকাশে থাকা অবস্থায় পরস্পরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। বিমানগুলো সরাসরি বিমানঘাঁটির প্রাঙ্গণেই আছড়ে পড়ে, তবে এতে অন্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলাকালীন বিমানবাহিনী তাদের বহরে থাকা এসএফ-২৬০ মডেলের সব প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।
এর আগে, গত মে মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলের একটি পাহাড়ি এলাকায় এসএফ-২৬০ মডেলের অপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন। এছাড়া ২০২৩ সালের একটি প্রশিক্ষণ ফ্লাইটেও আরেকটি এসএফ-২৬০ টিপি মার্চেত্তি বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট প্রাণ হারিয়েছিলেন।
উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামিক স্টেট (আইএস) পন্থী জঙ্গিরা দক্ষিণাঞ্চলীয় মারাউই শহর দখল করার পর সেখানে মাসব্যাপী বিমান হামলায় সামরিক বাহিনী এই এসএফ-২৬০ বিমানগুলো ব্যবহার করেছিল।


