...|...|...

খেলা

ফিফার শাস্তির পর যে ব্যবস্থা নিতে যাচ্ছে আর্জেন্টিনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, বিকেল ৪:২৫ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:২৫
Shares
ফিফার শাস্তির পর যে ব্যবস্থা নিতে যাচ্ছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে ম্যাচের পর অপ্রীতিকর সংঘর্ষে জড়িয়ে শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার তিন ফুটবলার। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এই শাস্তিমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শুক্রবার (২১ আগস্ট) ফাইনাল-পরবর্তী বিশৃঙ্খলার তদন্ত শেষে এ শাস্তির ঘোষণা দেয় ফিফার ডিসিপ্লিনারি কমিশন। এতে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ, ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা পেয়েছেন ১ ম্যাচের নিষেধাজ্ঞা। স্পেনের মিডফিল্ডার গাভিকেও ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞার পাশাপাশি পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা করা হয়েছে। বাকি তিন শাস্তাপ্রাপ্তের প্রত্যেককে গুনতে হচ্ছে ৩০ হাজার ডলার করে।

শুধু ফাইনালের সংঘর্ষই নয়, টুর্নামেন্টজুড়ে নানা আচরণবিধি লঙ্ঘনের দায়েও ব্যবস্থা নিয়েছে ফিফা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের পর বিতর্কিত ‘মালভিনাস আর্জেন্টাইনস’ ব্যানার প্রদর্শন, বৈষম্যমূলক স্লোগান, মাঠে বস্তু নিক্ষেপ ও খেলা শুরু করতে দেরি করার অভিযোগে এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। একই সাথে দেশটির পরবর্তী দুটি হোম ম্যাচে স্টেডিয়ামের মোট ক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগ থাকবে।

ফিফার এই কঠোর দণ্ডাদেশের পর এক বিজ্ঞপ্তিতে ক্ষোভ প্রকাশ করেছে এএফএ। তারা জানিয়েছে, সংস্থা ও খেলোয়াড়দের অধিকার রক্ষায় আইনি দল ফিফার কাছে সিদ্ধান্তের পূর্ণাঙ্গ ব্যাখ্যা চাইবে।

এএফএ আরও জানায়, আপিল কমিটির পাশাপাশি প্রয়োজন হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা স্পোর্টস আরবিট্রেশন কোর্টেও (সিএএস) আইনি লড়াই চালানোর সব পথ খোলা রাখছে তারা।