ফুটবলে অনেক গোলই হয়, তবে কিছু গোল আলাদা করে দর্শকের মনে জায়গা করে নেয়। শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ফারহান আলী ওয়াহিদের করা গোলটিও তেমন। একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে তার চোখধাঁধানো গোল মুগ্ধ করেছে দর্শকদের। বিস্মিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক হামজা চৌধুরীও। তবে দৃষ্টিনন্দন এই গোলের পেছনে ছিল ফারহানের ঠান্ডা মাথার পরিকল্পনা ও নিজের পছন্দের জায়গা থেকে আক্রমণ করার কৌশল।
বুধবার (১১ নভেম্বর) রাতে ম্যাচের ৫২ মিনিটে গোলটি করেন ফারহান। ঘরের মাঠে প্রথমবার খেলতে নেমেই এমন গোল করে আলোচনায় উঠে আসেন এই উইঙ্গার। ম্যাচ শেষে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে স্মৃতি হিসেবে ফারহানের জার্সি চেয়ে নেন শ্রীলঙ্কার কোচ।
গোলের মুহূর্তে বাঁ দিক দিয়ে বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢোকেন ফারহান। প্রথমে শ্রীলঙ্কার দুই ডিফেন্ডারকে কাটিয়ে সামনে এগিয়ে যান। এরপর আরও দুই প্রতিপক্ষের বাধা পেরিয়ে গোলরক্ষকের সামনে পৌঁছে যান তিনি। শেষ মুহূর্তে ডান পায়ের আলতো চিপে বল জালে পাঠান। পুরো আক্রমণেই ছিল অসাধারণ দক্ষতা ও নিয়ন্ত্রণের ছাপ।
কীভাবে এমন গোল করলেন, ম্যাচ শেষে নিজেই সেই কৌশলের কথা জানিয়েছেন ফারহান। তার ভাষ্য, ‘যখনই আমি ওই জায়গাটার দিকে বল পেলাম, ওটাই মূলত আমার খেলার পছন্দের জায়গা যেখানে আমি থাকতে চাই। আমি জানি ডি-বক্সে আমাকে ছোঁয়া যাবে না, আর স্পর্শ করলেই সেটা পেনাল্টি হবে। তাই হ্যাঁ, মাথায় কেবল একটাই ভাবনা ঘুরছিল মার্কারকে কাটিয়ে শট নেওয়া। আর হ্যাঁ, সেটাই হয়েছে। ঘরের মাটিতে অভিষেকে নিজের প্রথম গোলটি পেয়ে আমি সত্যিই আনন্দিত।’
ফারহানের গোলের প্রশংসা করেছেন বাংলাদেশের কোচ থমাস ডুলিও। তিনি বলেন, ‘কী গোলটাই না করল ফারহান!’ শিষ্যের নৈপুণ্য তুলে ধরে কোচ আরও বলেন, ‘কয়েকজনকে কাটিয়ে গোল করা সহজ নয়। ফারহান অসাধারণ করেছে।’
শুধু নিজের গোল নয়, গ্যালারিতে দর্শকদের সমর্থনেও মুগ্ধ ফারহান। ফুলহাম থেকে ধারে বোরেহাম উডে খেলা এই উইঙ্গার বলেন, ‘সমর্থকেরা অসাধারণ! স্টেডিয়ামের আবহ সবকিছুই অনেক সাহায্য করেছে। এসব আমাকে ভীষণ অনুপ্রাণিত করে, আত্মবিশ্বাস জোগায় মাঠে নেমে নিজের সেরাটা তুলে ধরতে। আর হ্যাঁ, এখানে থাকতে পেরে আমি সত্যিই খুব খুশি।’



