...|...|...

খেলা

ফাইনালের টিকিটের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৯
Shares
ফাইনালের টিকিটের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে জুনিয়র টাইগাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১১৩ রানে হারলেও পরের দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪৫ রানে এবং মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নেয় তারা। এবার ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ৫০ ওভারের এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

অন্যদিকে, 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বে অপরাজিত থেকে ৩টি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৩ উইকেটে এবং নেপালকে ১০১ রানে হারিয়ে দারুণ ফর্মে রয়েছে পাকিস্তানি যুবারা।

দুই দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বেশ রোমাঞ্চকর। যুব ক্রিকেটের বড় আসরগুলোতে শেষ তিন দেখায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ডিসেম্বরে দুবাইয়ে এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান ৮ উইকেটে জিতেছিল।

তবে এর ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে একই ভেন্যু ও একই মঞ্চে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাত্র ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছিল পাকিস্তান।

এবারের আসরে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মো. ফরিদ হাসান ফয়সাল। অন্যদিকে, পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে রয়েছেন ফারহান ইউসুফ। দুই দলের ১৫ সদস্যের স্কোয়াডেই বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন, যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।

ওমানের আল আমেরাতের কন্ডিশন বিবেচনায় স্পিনার ও পেসারদের মধ্যে দারুণ এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আগের ম্যাচগুলোতে বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষকে চাপে রাখতে সফল হয়েছেন, যা সেমিফাইনালেও দলের বড় শক্তি হিসেবে কাজ করবে।

ব্যাটিং বিভাগেও টপ ও মিডল অর্ডারের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ সামলে স্কোরবোর্ডে বড় পুঁজি গড়াই হবে জুনিয়র টাইগারদের প্রধান লক্ষ্য।

আগামীকালের এই প্রথম সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১৪ নভেম্বর টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে মাঠে নামবে। গত আসরের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিয়ে ফাইনালের টিকিট কাটতে মুখিয়ে আছে বাংলাদেশের যুবারা।