চোটের সাথে দীর্ঘদিনের লড়াইয়ে মাঠের সেই চেনা ছন্দ হারিয়েছেন নেইমার জুনিয়র। বারবার ইনজুরিতে পড়া এবং আগের মতো পারফরম্যান্সে ফিরতে না পারার হতাশা থেকে এবার পেশাদার ফুটবলকে বিদায় জানানোর কথা ভাবছেন ব্রাজিলের এই তারকা। এমনকি ২০৩০ সাল পর্যন্ত খেলার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার কারণে সেই লক্ষ্য পূরণ নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি কিংস লিগ টুর্নামেন্টে ব্রাজিলের কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সাথে এক আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। সেখানে কিংস লিগে খেলার ইচ্ছার পাশাপাশি ২০৩০ সাল পর্যন্ত ফুটবল চালিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড।
আলোচনার একপর্যায়ে গুয়েদেস নেইমারকে মনে করিয়ে দেন, ২০৩০ সালে তার বয়স হবে ৩৯ বছর। অর্থাৎ আরও পাঁচ-ছয় বছর পেশাদার ফুটবলে থাকার সুযোগ রয়েছে। তবে এমন সম্ভাবনার কথা শুনে নেইমার সরাসরি বলেন, ‘না, আমি পারব না।’
নেইমারের এমন উত্তরে বিস্ময় প্রকাশ করে গুয়েদেস আবারও বিষয়টি জানতে চান। জবাবে নেইমার বলেন, ‘আপনি যদি আমার অবস্থানে থাকতেন, তাহলে বুঝতে পারতেন।’
ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর এক প্রতিবেদনেও বলা হয়েছে, শারীরিক সীমাবদ্ধতার কারণে নিজের সেরা অবস্থায় ফিরতে না পারার হতাশা থেকেই অবসরের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন নেইমার। দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। সুস্থ হয়ে মাঠে ফেরার পরও নতুন করে চোটে পড়ার আশঙ্কা তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন নেইমার। তবে একের পর এক চোটে তার ক্যারিয়ারের ধারাবাহিকতা ব্যাহত হয়েছে। মাঠে নিজের সামর্থ্যের পুরোটা মেলে ধরতে না পারার হতাশা এবং শারীরিক অনিশ্চয়তা মিলিয়ে ফুটবল ছাড়ার চিন্তা এখন তার কাছে আগের চেয়ে অনেক বেশি বাস্তব। যদিও কবে নাগাদ অবসরের সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাননি ব্রাজিলের এই তারকা।


