...|...|...

বিশ্ব

ফজরের নামাজে মুসল্লিদের ঢল, দেশে দেশে ছড়াচ্ছে ‘রিজালুল ফজর’

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২:০১
Shares
ফজরের নামাজে মুসল্লিদের ঢল, দেশে দেশে ছড়াচ্ছে ‘রিজালুল ফজর’

সংগৃহীত ছবি

ফজরের নামাজে শিশু ও তরুণদের মসজিদমুখী করতে ব্যাপক সাড়া ফেলেছে ‘রিজালুল ফজর’ বা ‘মেন অব ফজর’ নামের একটি সামাজিক উদ্যোগ। আফ্রিকার দেশ আলজেরিয়ায় শুরু হওয়া এই কার্যক্রম ইতোমধ্যে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এর প্রভাবে ফজরের নামাজে মসজিদগুলোতে বাড়ছে মুসল্লিদের উপস্থিতি।

শুক্রবার (২৭ নভেম্বর) কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম কুয়েত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের অংশ হিসেবে কুয়েতের বায়ান এলাকার মোজা মুহাম্মদ সালেম মসজিদে ফজরের নামাজ আদায় করতে জড়ো হন পাঁচ শতাধিক মুসল্লি। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও অভিভাবক ছিলেন।

চলতি মাসের শুরুতে আলজেরিয়ায় একজন শিক্ষকের হাত ধরে যাত্রা শুরু করে ‘রিজালুল ফজর’ উদ্যোগ। পরবর্তী সময়ে মরক্কো, সিরিয়া, ফিলিস্তিন, কুয়েতসহ উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে এই কার্যক্রম। এমনকি যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি মসজিদেও উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

কুয়েতে এই কার্যক্রমের সূচনা করেন ‘বু জাররাহ’ নামে পরিচিত সমাজকর্মী ইউসুফ আল-ওমরান। এর মাধ্যমে অভিভাবকদের সন্তানদের সাথে নিয়ে মসজিদে জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করা হচ্ছে। ছোটবেলা থেকেই শিশুদের নামাজের প্রতি ভালোবাসা ও মসজিদের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

আয়োজকদের মতে, মোজা মুহাম্মদ সালেম মসজিদে মুসল্লিদের উপস্থিতি প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। মসজিদের ভেতরে জায়গা না থাকায় বাইরের আঙিনাতেও মুসল্লিদের সমাগম ঘটে।

ওই মসজিদে ফজরের নামাজে ইমামতি করেন শেখ আহমদ আল-নাফিস। জামাতে অংশ নেন কুয়েতের যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব ও সমাজকর্মীরাও এতে যোগ দেন।

উদ্যোগের আয়োজক বু জাররাহ জানান, এই কার্যক্রম শুধু ফজরের নামাজে মুসল্লিদের উপস্থিতি বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যারা নিয়মিত নামাজ আদায় করবে এবং মসজিদে যাওয়া তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে।

শিশুদের উৎসাহিত করতে উদ্যোগটিতে রাখা হয়েছে পুরস্কারের ব্যবস্থাও। যেসব শিশু টানা ৪০ দিন মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, তাদের পুরস্কৃত করা হয়।

অল্প সময়ের মধ্যে বিভিন্ন দেশে জনপ্রিয়তা পাওয়া ‘রিজালুল ফজর’ এখন একটি ক্রমবর্ধমান সামাজিক উদ্যোগে পরিণত হচ্ছে। ধর্মীয় চর্চায় পরিবারের সদস্যদের একত্র করার পাশাপাশি সন্তানদের আধ্যাত্মিক ও ধর্মীয় অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করছে এই কার্যক্রম।