...|...|...

সোশ্যাল মিডিয়া

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৯
Shares
প্রয়োজনে সব মাহফিল বন্ধ করব, তবু ঈমান বিক্রি করব না: তাশরীফ

ছবি: সংগৃহীত

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবুও ঈমানের প্রশ্নে কোনো আপস করব না বলে মন্তব্য করেছেন আলোচিত ধর্মীয় বক্তা হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফ। তিনি বলেছেন, তারা আল্লাহর বান্দা, কোনো ব্যক্তি বা অর্থের গোলাম নন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে তাশরীফ লেখেন, ‘প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব। তবুও ঈমান বিক্রি করব না। আমরা আল্লাহর গোলাম। কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই।’

এর আগে গাজীপুরের টঙ্গীতে এক মাদরাসাশিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর প্রতি যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ওই শিক্ষককে শিক্ষার্থীর বাবার মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষকটির পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেন তাশরীফ। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই তাশরীফের পারিবারিক বিষয় নিয়েও আলোচনা শুরু হয়। এক ভিডিও সাক্ষাৎকারে তার বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া এবং খোঁজখবর না রাখার অভিযোগ করেন।

বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের মাকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তাশরীফ। ওই ভিডিওতে তার মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করেন।

তবে পরবর্তী সময়ে বাবার সাথে সম্পর্কের উন্নতির বিষয়টিও সামনে আসে। তাশরীফ তার বাবাকে নিজের বাসায় নিয়ে যান। প্রকাশিত একটি ভিডিওতে বাবাকে কেক খাওয়াতে এবং তার হাতে উপহার তুলে দিতে দেখা যায়।