...|...|...

রাজনীতি

সাদিক কায়েম

প্রশ্নফাঁসের পুরোনো সংস্কৃতি ফিরেছে, আওয়ামী যুগে ফিরে যাচ্ছি আমরা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪১
Shares
প্রশ্নফাঁসের পুরোনো সংস্কৃতি ফিরেছে, আওয়ামী যুগে ফিরে যাচ্ছি আমরা

ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা শুরু করেছে বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংগঠনের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম ফেসবুক পোস্টে লেখেন, ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা শুরু করলো বিএনপি সরকার, ঠিক যেন আওয়ামী যুগে ফিরে যাচ্ছি আমরা। প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত করা হয়েছে যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা।
 
তিনি লেখেন, ২৭ লাখ বেকারের দেশে জুলাই বিপ্লব শুরু হয়েছিল কোনো ধরনের বৈষম্য ছাড়াই মেধার ভিত্তিতে বেকার তরুণদের চাকরির দাবিতে। অথচ এই সরকার তরুণদের সেই আকাঙ্ক্ষার সাথে সুস্পষ্টভাবে বেইমানি করেছে। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ ও ৪৯তম বিসিএসে ভেরিফিকেশনের নামে কোনো কারণ ছাড়াই শত শত শিক্ষার্থীকে বাদ দেওয়া হলো, পরে প্রতিবাদের মুখে আবার নিয়োগপত্র দেওয়া হলো। 

তিনি আরও লেখেন, এবার বেকারদের প্রতি চূড়ান্ত অপমান হিসেবে প্রশ্নফাঁসের পুরোনো সংস্কৃতি ফিরে এসেছে। প্রশ্নফাঁসের সিন্ডিকেট নির্মূল করতে না পারা সরকারের সুস্পষ্ট ব্যর্থতা। সরকারের কোনো না কোনো পর্যায়ের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া প্রশ্নফাঁস করা সম্ভব নয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও এর দায় কোনোভাবে এড়াতে পারেন না৷ 
 
ডাকসু ভিপি বলেন, প্রশ্নফাঁসের ঘটনায় নিয়োগ পরীক্ষা স্থগিতের পর বিভিন্ন কেন্দ্রের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে সংহতি জানাচ্ছি। প্রশ্নফাঁসের সাথে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারি চাকরির সকল নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, প্রশ্নফাঁসের সব সিন্ডিকেট চিরতরে নির্মূল করতে হবে। অন্যথায় বেকার যুবকদের সাথে এই সরকারের গাদ্দারি ইতিহাসে ঘৃণার সাথে স্মরণ করা হবে।