...|...|...

জাতীয়

প্রশিক্ষিত কুকুর বাছাইয়ে নেদারল্যান্ডস যাচ্ছেন চার কর্মকর্তা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৫
Shares
প্রশিক্ষিত কুকুর বাছাইয়ে নেদারল্যান্ডস যাচ্ছেন চার কর্মকর্তা

পুলিশের জন্য কেনা হবে প্রশিক্ষিত কুকুর। ছবি সংগৃহীত

পুলিশের জন্য প্রশিক্ষিত কুকুর কেনার আগে সেগুলোর বাছাই ও মূল্যায়ন করতে নেদারল্যান্ডস যাচ্ছেন বাংলাদেশের চার কর্মকর্তা। পাঁচ দিনের এ সফরে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এবং পুলিশের তিন কর্মকর্তা। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর অথবা সুবিধাজনক নিকটতম সময়ে তাদের এ সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শরীফুল ইসলামের সই করা মঙ্গলবার (১০ নভেম্বর) জারি করা এক সরকারি আদেশে এ সফরের অনুমোদন দেওয়া হয়েছে।

নেদারল্যান্ডস সফরে যাওয়া কর্মকর্তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, ১৩ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার মো. শামীম হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

সরকারি আদেশ অনুযায়ী, সফরের বিমানভাড়া, থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় বহন করবে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান। ফলে এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক ব্যয় হবে না। যাতায়াত ও ট্রানজিটের সময়সহ সফরের পুরো সময় কর্মকর্তাদের দায়িত্বকাল হিসেবে বিবেচনা করা হবে।

আদেশে সফরসংক্রান্ত আরও কিছু শর্তও দেওয়া হয়েছে। অনুমোদিত সময়ের বাইরে কর্মকর্তারা বিদেশে অবস্থান করতে পারবেন না। দেশে ফেরার পরবর্তী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সফরের প্রতিবেদন জমা দিতে হবে।