প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যেমন পরিচ্ছন্ন রাজনীতি করছেন, একাধারে আমাদের পারিবারিক সামাজিক মূল্যবোধগুলো ফিরিয়ে আনতেও তিনি কাজ করছেন। একইসাথে কীভাবে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।’
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার (১৪ নভেম্বর) বিকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সালেহ শিবলী বলেন, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে ২০টি অঞ্চলে ভাগ করে যে কার্যক্রম শুরু করেছিলেন, সেটির অগ্রগতি তিনি জানতে চেয়েছিলেন। সেখানে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, আমরা মনে করি, অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তগুলো সেনসিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু এমন কিছু বিষয় আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, যেগুলো আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। তাই এসব বিষয় আমরা গণমাধ্যমকে জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছি। কারণ আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্তকে ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। এমন একটি হচ্ছে, পরিবেশ পরিচ্ছন্ন রাখা।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন ওয়াহাদু চৌধুরী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।


