জাপানের চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে রবিবার (২৫ অক্টোবর) রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।
আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
পোস্টে প্রধানমন্ত্রীর সাথে করমর্দনের একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আজ জাপান যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। ভালোবাসা সবাইকে।’
সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থান করবেন। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া মেট্রোরেলসহ চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়েও আলোচনার পরিকল্পনা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দরে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা তাকে স্বাগত জানাবেন বলে সফরসূচিতে উল্লেখ করা হয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অবস্থান করবেন।


