প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
বোয়িং ক্রয় বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ বোয়িং কিনছে সেটি প্রকাশিত তথ্য। প্রধানমন্ত্রীর এবারের সফরকালে বোয়িং কোম্পানির সাথে বৈঠক কিংবা নিশ্চিত কোনো কর্মসূচি জানা নেই। তবে বোয়িং কেনার ব্যাপারে একটি চুক্তি হতেও পারে।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কে যান। তার সাথে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়। সফরকালে সেখানেই অবস্থান করবেন তিনি।
মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হচ্ছে। সকালে জাতিসংঘ মহাসচিবের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য দেওয়া স্বাগত প্রাতঃরাশে অংশ নেবেন তিনি। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।


