...|...|...

রাজনীতি

প্রথমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৪
Shares
প্রথমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পুরোনো ছবি

প্রথমবারের মতো যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আগামী ১৩ নভেম্বর রাতে সাত দিনের সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। সফরসঙ্গী হিসেবে থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

বুধবার (১১ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

তিনি জানান, সফরকালে নাহিদ ইসলাম ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সাথে বৈঠক করবেন। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।

সফরকালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাবলি তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশের যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়েও আলোচনা করবেন।

এহতেশাম হক বলেন, সফরে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের প্রভাবসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।

এ ছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনকে সফরে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ সময় কমিউনিটির সদস্যদের অভিজ্ঞতা, অবদান ও প্রত্যাশার কথা শুনবেন নাহিদ ইসলাম।

জানা গেছে, ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সফরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

এ সময় সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন।