...|...|...

বিশ্ব

প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে রোগীর মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, রাত ১:০৮
Shares
প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে রোগীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ফ্রান্সে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি অক্টোবরের শুরুর দিকে মারা যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণের এটিই প্রথম নথিভুক্ত ঘটনা। তবে আপাতত সাধারণ মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি দেখছেন না স্বাস্থ্য কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ফ্রান্সের স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ অক্টোবর) জানিয়েছে, ধারণা করা হচ্ছে, পূর্ব ফ্রান্সে সংক্রমিত কোনো ক্ষুদ্র পতঙ্গের কামড়ে ওই ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বসন্তকালে ওই অঞ্চলেই প্রাণীদের মধ্যে প্রথম শামোন্ডা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছিল।

মন্ত্রণালয়গুলোর বিবৃতি অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি লিওনের একটি হাসপাতালে গুরুতর অসুস্থতার চিকিৎসা নিচ্ছিলেন। এ সময় তাঁর স্নায়বিক জটিলতা দেখা দেয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই জটিলতার সঙ্গে ভাইরাসটির সম্পর্ক থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা। তবে ভাইরাসটিই তাঁর মৃত্যুর সরাসরি কারণ কি না, তা নিশ্চিত করা হয়নি।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত দুর্বল ছিল। এ কারণে তিনি সংক্রমণের প্রতি বেশি সংবেদনশীল ছিলেন। এত দিন শামোন্ডা ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে না বলেই ধারণা করা হতো।

শামোন্ডা ভাইরাস মূলত গবাদিপশুর রোগ। সংক্রমিত ক্ষুদ্র পতঙ্গের কামড়ে এটি ছড়াতে পারে। ভেড়া, ছাগল, আলপাকা ও ঘোড়ার মধ্যেও এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। আক্রান্ত গবাদিপশুর জ্বর ও ডায়রিয়া হতে পারে। পাশাপাশি কমে যেতে পারে দুধ উৎপাদন।

আফ্রিকা ও এশিয়ায় কয়েক দশক ধরে ভাইরাসটির অস্তিত্ব থাকলেও এত দিন মানুষের শরীরে সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়নি। কীভাবে ভাইরাসটি ওই ব্যক্তির শরীরে প্রবেশ করেছিল, তা জানতে তদন্ত চালাচ্ছেন ফরাসি কর্মকর্তারা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক ঝুঁকি মূল্যায়ন করা হয়নি। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে এবং এই মুহূর্তে ভাইরাসটির আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা কম। সাধারণত বছরের শীতল মাসগুলোতে পতঙ্গবাহিত ভাইরাসের বিস্তার কমে আসে।

এদিকে, ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (ইসিডিসি) জানিয়েছে, সংক্রমণটির সম্ভাব্য জনস্বাস্থ্যগত প্রভাব মূল্যায়নে তারা ফ্রান্স ও ইউরোপের অন্যান্য অংশীদারের সঙ্গে কাজ করছে।

ইসিডিসির তথ্য অনুযায়ী, ইউরোপে শামোন্ডা ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত হয় জুলাইয়ের শেষ দিকে। এরপর আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি ও স্পেনসহ কয়েকটি দেশের খামারের প্রাণীদের মধ্যে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এমনকি জার্সিতেও এর সংক্রমণ শনাক্ত হয়েছে।