...|...|...

ধর্ম

প্রথমবারের মতো রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৮:৪৭
Shares
প্রথমবারের মতো রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী

ছবি: সংগৃহীত

এক বছর বিরতির পর দেশে আবারও আউটডোর তাফসিরুল কোরআন মাহফিল শুরু করতে যাচ্ছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারী। এর অংশ হিসেবে প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে অংশ নেবেন তিনি।

আগামী শনিবার (২৮ নভেম্বর) রাজশাহীতে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। ওলামা মাশায়েখ পরিষদ রাজশাহী শাখার উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। আজহারীর আগমন ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

ওলামা মাশায়েখ পরিষদের নেতারা জানান, ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, রাজশাহীর সবচেয়ে বড় তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আয়োজকদের আলোচনা হয়েছে। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে। মাঠের সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে রয়েছে। দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হলেও বাদ এশা আলোচনা করবেন ড. মিজানুর রহমান আজহারী।

মাহফিলের উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন রাজশাহীর বিশিষ্ট সমাজসেবক চিকিৎসক মোহাম্মদ জাহাঙ্গীর।

এদিকে, এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন মিজানুর রহমান আজহারী।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। একই সাথে মাহফিলগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

ফেসবুক পোস্টে আজহারী লেখেন, ‘এক বছর বিরতির পর ৮ বিভাগে আবারও আমার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে চলেছে ইনশাআল্লাহ। আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে- সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়।

পাশাপাশি আমাদের মনে রাখতে হবে- মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।’