সুখের সন্ধানে মানুষ ছুটছে প্রতিনিয়ত। কারও কাছে সুখ মানে অর্থ-সম্পদ, কারও কাছে ক্ষমতা, আবার কারও কাছে বিলাসী জীবনযাপন। আধুনিক ভোগবাদও মানুষের মনে এমন ধারণা তৈরি করেছে যে, বেশি সম্পদ ও জাগতিক অর্জনই জীবনের পরম তৃপ্তি। কিন্তু বাস্তবে বস্তুগত প্রাচুর্য সব সময় মানুষের মনে সুখ এনে দিতে পারে না। বরং অনেক ক্ষেত্রে বাড়তি ভোগের আকাঙ্ক্ষার সাথে বাড়ছে একাকীত্ব, হতাশা ও মানসিক অস্থিরতা। ইসলামের শিক্ষা হলো, প্রকৃত সুখ বাইরের প্রাচুর্যে নয়, বরং অন্তরের প্রশান্তি, আল্লাহর স্মরণ এবং প্রাপ্তির প্রতি সন্তুষ্ট থাকার মধ্যে।
‘প্রচুর ধন-সম্পদ থাকলেই মানুষ ধনী হয় না, প্রকৃত ধনী তো সে-ই, যার অন্তর ধনী।’
সহিহ বুখারি, হাদিস: ৬৪৪৬
উনিশ শতক থেকে ভোগবাদী সংস্কৃতি সুখের ধারণাকে ক্রমেই বস্তুগত অর্জনের সাথে যুক্ত করেছে। অথচ মানুষের মাথাপিছু আয় ও জীবনযাপনের বৈষয়িক সুযোগ-সুবিধা বাড়লেও সামগ্রিক সুখের মাত্রা একই হারে বাড়েনি। বরং হতাশা ও বিষণ্নতার মতো মানসিক সমস্যাও বেড়েছে।
এর কারণ, অর্থ-সম্পদ কিংবা বাহ্যিক সাফল্য দিয়ে মনের শূন্যতা পূরণ করা যায় না। এ বাস্তবতাই মহানবী (সা.) সংক্ষেপে তুলে ধরেছেন। তার বাণী অনুযায়ী, প্রকৃত সম্পদশালী সেই ব্যক্তি, যার অন্তর পরিতৃপ্ত।
ইসলামের দৃষ্টিতে প্রকৃত সুখ
ইসলামে সুখ বলতে সাময়িক আনন্দ বা জাগতিক প্রাপ্তিকে বোঝানো হয়নি। বরং হৃদয়ের স্থিরতা, আত্মিক প্রশান্তি এবং আল্লাহর ওপর ভরসাকেই প্রকৃত সুখের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ‘যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়; জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে।’ (সুরা আর-রাদ, আয়াত: ২৮)
রাসুল (সা.)-এর শিক্ষাতেও অল্পে তুষ্ট থাকার গুরুত্ব উঠে এসেছে। তিনি বলেছেন, ‘ওই ব্যক্তি সফল (সুখী) হয়ে গেছে, যে ইসলাম গ্রহণ করেছে, যাকে প্রয়োজনমাফিক রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট থেকেছে।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০৫৪)
একজন মুমিনের কাছে দুনিয়ার জীবনই সবকিছু নয়। বরং এটি পরকালের চিরস্থায়ী জীবনের জন্য একটি পরীক্ষার ক্ষেত্র। তাই আল্লাহর পরিচয় জানা, তার স্মরণে থাকা এবং তার দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকার মধ্যেই একজন বিশ্বাসী মানুষের আত্মিক তৃপ্তি নিহিত।
সুখী হওয়ার ৩টি উপায়
মানুষের সুখী হওয়ার উপায় নিয়ে আধুনিক মনোবিজ্ঞান ও বিজ্ঞানের নানা গবেষণা রয়েছে। এসব গবেষণার অনেক পর্যবেক্ষণের সাথে ইসলামের জীবনবিধানের মিল পাওয়া যায়। শত শত বছর আগে ইসলাম যে নৈতিক ও আত্মিক অনুশীলনের শিক্ষা দিয়েছে, সেগুলো মানুষের মানসিক প্রশান্তি অর্জনেও ভূমিকা রাখতে পারে।
১. অন্যের সাথে নিজের তুলনা না করা
পবিত্র কোরআনে অন্যের পার্থিব প্রাপ্তির প্রতি অতিরিক্ত আকর্ষণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, ‘আমি বিভিন্ন দলকে পার্থিব জীবনের যে জাঁকজমক দিয়েছি, আপনি তার দিকে দৃষ্টি প্রসারিত করবেন না; এগুলো দিয়ে তো আমি তাদের পরীক্ষা করি। আপনার প্রতিপালকের দেওয়া জীবনোপকরণই উৎকৃষ্ট ও অধিক স্থায়ী।’ (সুরা তাহা, আয়াত: ১৩১)
২. হাসিমুখে কথা বলা ও সম্পর্কের যত্ন নেওয়া
মহানবী (সা.) মানুষের প্রতি হাসিমুখে আচরণ করাকেও সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘তোমার ভাইয়ের সামনে তোমার হাসিমুখ একটি দান সদকা।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৫৬)
৩. কৃতজ্ঞ থাকা ও অন্যের উপকার করা
জীবনে কী পাওয়া হয়নি, শুধু সেদিকে মনোযোগ না দিয়ে যা পাওয়া গেছে, তার জন্য কৃতজ্ঞ থাকা মানসিক প্রশান্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায়।
কৃতজ্ঞতার পাশাপাশি অন্যের কল্যাণে কাজ করাও মানুষের মনে আনন্দ ও তৃপ্তি তৈরি করে। ইসলাম নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যের উপকার করার ওপর গুরুত্ব দিয়েছে। (সুরা নিসা, আয়াত: ৩৬)
আল্লাহ–তাআলা কৃতজ্ঞতার প্রতিদান বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘তোমরা যদি কৃতজ্ঞতা স্বীকার করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৭)
বিশ্বাস ও ধৈর্যেই মেলে হৃদয়ের প্রশান্তি
জীবনে সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা কিংবা বিপদ-আপদ আসবেই। তবে একজন মুমিন এসব পরিস্থিতিতে হতাশ হয়ে পড়েন না। সুখের সময়ে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আর বিপদের সময় ধৈর্য ধারণ করেন। এই বিশ্বাসই তাকে কঠিন পরিস্থিতিতেও আশাবাদী থাকতে সাহায্য করে।
আনন্দ ও বিপদের মুহূর্তে একজন মুমিনের করণীয় সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘মুমিনের প্রতিটি বিষয়ই আশ্চর্যজনক, সবই তার জন্য কল্যাণকর। যদি সে সুখে থাকে তবে কৃতজ্ঞতা প্রকাশ করে, যা তার জন্য মঙ্গলজনক। আর যদি সে বিপদে পড়ে তবে ধৈর্য ধারণ করে, তাও তার জন্য কল্যাণকর।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৯৯৯)
অর্থাৎ ইসলামের শিক্ষা অনুযায়ী, সুখ কেবল সম্পদ বা সাফল্যের ওপর নির্ভরশীল নয়। বরং আল্লাহর প্রতি বিশ্বাস, অন্তরের সন্তুষ্টি, কৃতজ্ঞতা, ধৈর্য এবং মানুষের সাথে সুন্দর আচরণের মধ্য দিয়েই প্রকৃত প্রশান্তি অর্জন সম্ভব।


