দেশের পোল্ট্রি খাতের উন্নয়ন এবং খামারিদের কম খরচে ডিম আর মাংস উৎপাদনে সহায়তা দিতে ১৩৪ কোটি টাকার পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প হাতে নেয় সরকার। যা বাস্তবায়ন করছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। তবে, প্রকল্পে গবেষণার সুফল না থাকলেও আছে স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনে অস্বচ্ছতা।
প্রকল্প পরিচালক (পিডি) ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাজেদুল করিম সরকার স্ত্রী, শ্যালক, ভাতিজা, ভাগনেসহ ১৬ জন আত্মীয়কে বিভিন্ন পদে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে প্রকল্পের পরিচালকের বিরুদ্ধে। সংশ্লিষ্টরা প্রকল্পটিকে বলছেন পিডির ফ্যামিলি বিজনেস। টাইমস টুডের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
২০১৯ সালে একনেকে অনুমোদন পায় এ প্রকল্প। ২০২৪ সালে শেষ হবার কথা থাকলেও বিভিন্ন অজুহাতে চলতি বছরের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। অভিযোগ রয়েছে, পিডির শ্যালককে ল্যাব টেকনিশিয়ান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যিনি গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বেশিরভাগ সময় অফিসে না গিয়েও বেতন তুলে নেন নিয়মিত। রংপুরে নিজের বাড়িতে যাওয়ার অফিসিয়াল ট্যুর বিল তোলার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া, প্রকল্পের বিভিন্ন পদে পিডির আত্মীয়দের নিয়োগের তথ্য পাওয়া গেছে। মাঠ সহকারী হিসেবে মো. মোস্তাকিম আলম, আব্দুল গণী, মো. মারুফ সরকার ও মো. নজরুল ইসলাম; হ্যাচারি টেকনিশিয়ান মো. ফয়সাল আলম; ইলেকট্রিশিয়ান মো. রবিউল ইসলাম, ল্যাব অ্যাটেনডেন্ট কাজী ফয়সাল রাব্বী, মোসাম্মৎ লাভলী খাতুন, মো. সিরাজ আলী ও মো. জিহাদ (পোলট্রি ওয়ার্কার) মোতারিমা বেগম (গার্ড) মো. মানিক, মো. সোহান ও মো. আব্দুর রাজ্জাক (পরিচ্ছন্নতাকর্মী) মো. মেহেদী হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রকল্পের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টাইমস টুডেকে বলেন, সাধারণ কর্মীরা ল্যাবে সারাদিন পরিশ্রম করেও নিয়মমাফিক সুযোগ-সুবিধা পান না। অথচ পিডির আত্মীয়রা মাসে দু-একদিন এসে হাজিরা খাতায় সই করেন এবং পুরো মাসের বেতন ও যাতায়াত ভাতা তুলে নেন।
১২০ কোটি টাকার ব্যয়ে প্রশ্ন
প্রকল্পের মোট বরাদ্দের মধ্যে মূল গবেষণা ও ফেলোশিপের জন্য ছিল মাত্র ৭ কোটি ৯৯ লাখ টাকা। অন্যদিকে ভবন নির্মাণ, গাড়ি কেনা, ওভারহেড খরচ ও পোলট্রি সামগ্রী কেনার খাতে দেখানো হয়েছে ১২০ কোটি টাকা। গবেষণা খাতে ৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ের তথ্য রয়েছে। একইসাথে পোলট্রি ফিড বা খাবার কেনার জন্য খরচ দেখানো হয়েছে ১২ কোটি ৪২ লাখ টাকা। স্থানীয় প্রশিক্ষণ বাবদ ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ের তথ্যও রয়েছে। এ ছাড়াও যাতায়াতের ভাউচারে বড় অঙ্কের টাকা ভুয়া বিল তৈরি করে তোলার অভিযোগ রয়েছে।
এদিকে, পিডির স্ত্রী প্রতি মাসে নিয়মবিরুদ্ধভাবে ১ লাখ ২০ হাজার টাকা ভাতা নেন। পিডি নিজে প্রশিক্ষণ কোর্সের নির্দেশক হিসেবে মোটা অঙ্কের টাকা নেন। একইসাথে তার স্ত্রীও প্রশিক্ষক হিসেবে বাড়তি সম্মানী নেন বলে অভিযোগ রয়েছে।
উটপাখি ও মোরগ বিতর্ক
প্রকল্পের অন্যতম লক্ষ্য ছিল আফ্রিকা থেকে ২২টি উটপাখি এনে দেশে প্রজনন করা। কিন্তু মাংসের স্বাদ পরীক্ষা বা ‘সেনসরি ইভ্যালুয়েশন’-এর নামে ১৫টি উটপাখি জবাই করা হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ছাড়াও ২০২৩ সালে গবেষণার জন্য আনা ৩৮টি উন্নত জাতের প্রজননক্ষম মোরগ এবং মেলশেড থেকে আরও ৫৮টি ব্রাহ্মা মোরগ রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তবে প্রকল্পের কিছু কর্মীর দাবি, অডিটের পর এসব পাখি কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের মধ্যে ভাগ করে জবাই করে খেয়ে ফেলেন। তবে এ দাবির সত্যতা এখনও নথিভিত্তিকভাবে প্রমাণিত হয়নি।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ড. মো. সাজেদুল করিম টাইমস টুডেকে বলেন, প্রকল্পের বরাদ্দ, কেনাকাটা কিংবা ফেলোশিপে কোনো অনিয়ম হয়ে থাকলে মন্ত্রণালয় ও অডিট রিপোর্টের ভিত্তিতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে তার আত্মীয়-স্বজনের নিয়োগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি হঠাৎ ফোন কেটে দেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা টাইমস টুডেকে জানান, অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সরকারি এই মেগা প্রকল্পটি যদি শুরু থেকেই স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালিত হতো, তবে দেশের আমিষের চাহিদা মেটাতে পোলট্রি খাত আরও এগিয়ে যেত। তবে প্রকল্পের বাস্তব চিত্র নির্ধারণে স্বাধীন তদন্ত, অডিট এবং নথিভিত্তিক যাচাই জরুরি বলে মনে করেন সচেতন মহল।

