...|...|...

অর্থনীতি

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আজ বসছে বোর্ড

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৫ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৬
Shares
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে আজ বসছে বোর্ড

ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে আজ সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মজুরি বোর্ডের তৃতীয় সভা। এতে মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করতে পারে। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ চারটি গ্রেডে সর্বনিম্ন ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত মাসিক মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে অবস্থিত শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদফতরে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের নির্ধারিত সভা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে নতুন সূচি অনুযায়ী আজ ২৩ নভেম্বর তৃতীয় সভা আয়োজনের সিদ্ধান্ত জানানো হয়।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাব এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে নতুন মজুরি নির্ধারণের সুপারিশ তৈরির কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

শ্রমিকপক্ষের প্রস্তাব ৩২ থেকে ৪৮ হাজার টাকা

গত ৪ নভেম্বর অনুষ্ঠিত মজুরি বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

অন্যদিকে, অফিস স্টাফ ও কর্মচারীদের জন্য প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

দ্বিতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে পারেনি। মজুরি কাঠামো প্রস্তুতের জন্য সাত কার্যদিবস সময় চাওয়া হলেও বোর্ড তাদের চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল।

বর্তমানে সর্বনিম্ন মজুরি ১২ হাজার ৫০০ টাকা

দেশের তৈরি পোশাকশিল্পে বর্তমানে শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

এদিকে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মাসিক নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।

ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের জন্য গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালক এ বি এম শামসুদ্দিন।

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।