বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে ম্যাচ-পরবর্তী সময়ে সামনে এসেছে আরও বিস্ময়কর এক তথ্য। জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর দাবি, টাইব্রেকারের সময় দলের চার ফুটবলার পেনাল্টি নিতে রাজি হননি।
নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় ফল নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জয় তুলে নেয় প্যারাগুয়ে। শেষ পর্যন্ত ডিফেন্ডার জোনাথান তাহের পেনাল্টি মিসেই বিশ্বকাপ শেষ হয়ে যায় জার্মানির।
প্রতিবেদন অনুযায়ী, তাহের পেনাল্টি নেওয়ার কথা শুরুতে ছিল না। তার আগে চারজন খেলোয়াড়ের নাম তালিকায় ছিল। কিন্তু তারা কেউই শট নিতে সম্মতি দেননি। ওই চারজন হলেন লিওন গোরেৎজকা, ওয়াল্ডেমার অ্যান্টন, ন্যাথানিয়েল ব্রাউন এবং মালিক থিয়াও।
বিল্ড জানিয়েছে, আত্মবিশ্বাসের অভাবের কারণেই তারা পেনাল্টি নিতে অনীহা প্রকাশ করেন। অধিনায়ক জোশুয়া কিমিচ ব্যক্তিগতভাবে তাদের রাজি করানোর চেষ্টা করেন। বিশেষ করে ৭২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোরেৎজকাকে দুইবার অনুরোধ করা হলেও তিনি দু'বারই তা প্রত্যাখ্যান করেন। তার এমন সিদ্ধান্ত জার্মান ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
টাইব্রেকারে প্রথম শটেই ব্যর্থ হন কাই হাভার্টজ। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক গিল। এরপর কিমিচ ও জামাল মুসিয়ালা গোল করলেও প্যারাগুয়েও ধারাবাহিকভাবে সফল হয়।
এক পর্যায়ে প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া শট বাইরে মারায় ম্যাচে ফেরে জার্মানি। পরে আমিরি গোল করলে সমতায় আসে স্কোর। কিন্তু শেষ পর্যন্ত সাডেন ডেথে জোনাথান তাহের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে জার্মানির বিদায় নিশ্চিত হয়।
জার্মানির হারের পর পেনাল্টি নিতে চার ফুটবলারের অনীহার খবর দলটির মানসিক প্রস্তুতি ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।


