দুর্গাপূজার ছুটিতে যাত্রীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিশেষ সময়সূচিতে চলবে মেট্রোরেল। আগামী ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর প্রায় স্বাভাবিক সময়সূচি অনুসরণ করে ট্রেন চলাচল করবে। তবে ২৩ অক্টোবর শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু হবে বিকেল থেকে।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএমটিসিএলের প্রকাশিত সূচি অনুযায়ী, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে।
নির্ধারিত এই চার দিনে দিনের অধিকাংশ সময়ে ১০ থেকে ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে। রাতে যাত্রীদের চাহিদা বিবেচনায় ট্রেন চলাচলের বিরতি বাড়িয়ে ১৫ থেকে ২০ মিনিট করা হবে। এ চার দিনে দুই দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
এদিকে ২৩ অক্টোবর শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টায়। একই দিন মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন চলাচল শুরু হবে বিকেল ৩টা ২০ মিনিটে। ওই দিন দুই দিক মিলিয়ে মোট ৮২টি ট্রিপ পরিচালনা করা হবে।
ছুটির সময়ে যাত্রীদের চাপ সামলাতে উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম ও ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। যাত্রীদের চাহিদা বাড়লে প্রয়োজন অনুযায়ী এসব ট্রেন চালানো হবে। একই সাথে যাত্রীচাপ বিবেচনায় ট্রেন চলাচলের মধ্যবর্তী সময়ও সমন্বয় করা হবে।


