...|...|...

সারাদেশ

কনস্টেবল নিয়োগে তদবির

পুলিশ লাইনস মাঠ থেকে বিএনপির দুই কর্মী-সমর্থক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১০:২৩
Shares
পুলিশ লাইনস মাঠ থেকে বিএনপির দুই কর্মী-সমর্থক আটক

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় তদবিরবাজির অভিযোগে বিএনপির দুই কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সিরাজগঞ্জ পুলিশ লাইনস মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার দ্বিয়াড় বৈদ্যনাথ গ্রামের বজলুর রশিদ লিটন (৪৭) এবং খোকশাবাড়ি ইউনিয়নের মো. হায়াত আলী (২৮)। প্রাথমিকভাবে তারা বিএনপির কর্মী-সমর্থক বলে জানা গেছে।

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান জানান, হায়াত আলীসহ দুজন তার কাছে দাবি করেছেন, পরিচিত একজনের নিয়োগ পরীক্ষা দেখতে তারা পুলিশ লাইনস মাঠে গিয়েছিলেন। তদবিরের উদ্দেশ্যে সেখানে যাননি। তবে এ বিষয়ে আটক ব্যক্তিদের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, অভিযোগকারী না পাওয়ায় আপাতত তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হচ্ছে না। সন্দেহভাজন হিসেবে রবিবার তাদের আদালতে পাঠানো হবে। তারা বিএনপির সমর্থক বা নেতাকর্মী বলে শুনেছেন। তাদের সাংগঠনিক পদ-পদবি সম্পর্কে অভিযোগকারী পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হতো।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।