...|...|...

সারাদেশ

পুলিশ বক্সে ভাঙচুর-অগ্নিসংযোগ, আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩০
Shares
পুলিশ বক্সে ভাঙচুর-অগ্নিসংযোগ, আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

ছবি: টাইমস টুডে

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ, ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোনাবাড়ী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসিফ ইকবাল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাজীপুর মহানগরের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের আইনবিষয়ক সম্পাদক মো. রুবেল মিয়া, আওয়ামী লীগ কর্মী আজিজুল হক ও আমিনুল ইসলাম।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত ১ নভেম্বর ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সাথে আন্দোলনরত শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ীতে ট্রাফিক পুলিশ ও শিল্প পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। অগ্নিকাণ্ডে পুলিশ বক্সের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বাদী হয়ে কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসিফ ইকবাল বলেন, গ্রেফতার ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে।