চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে ঘিরে দীর্ঘদিনের নাটকীয়তার নতুন মোড়। পুলিশের একাধিক অভিযানে ধরাছোঁয়ার বাইরে থাকা বগা শেষ পর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন। তবে জামিন মেলেনি। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, রবিবার (১৮ সেপ্টেম্বর) একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন বগা। শুনানি শেষে ডেপুটি সিএমএম আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের ওপর হামলা, মাদক ও চাঁদাবাজিসহ বগার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এক কলেজ শিক্ষককে অপহরণ ও নির্যাতনের মামলায় তার নাম আসার পর তাকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। ওই অভিযানের সময় বগার সহযোগীদের হামলায় থানার তৎকালীন ওসিসহ একাধিক পুলিশ সদস্য আহত হন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর থানার তৎকালীন ওসিকে ফোন করে বগার অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগও সামনে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরে একটি হত্যা মামলার প্রধান আসামির জবানবন্দিতেও বগার নাম উঠে আসে।
এরপর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবনে বগার অবস্থানের তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। তবে তাকে না পেয়ে ফিরে যেতে হয় অভিযানকারী দলকে। পরদিন চসিক মেয়র দাবি করেন, বগা তার সাথে দেখা করতে ওই ভবনে যাননি। একই সময়ে তৎকালীন ওসির বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন মেয়র। এর কয়েক ঘণ্টার মধ্যে ওই ওসির বদলির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দেয়।
এতসব ঘটনা ও বিতর্কের পর এবার আদালতে আত্মসমর্পণ করলেন বগা। তবে জামিন না পাওয়ায় আপাতত তাকে থাকতে হচ্ছে কারাগারেই।


