...|...|...

রাজনীতি

পুলিশ কর্মকর্তার বাড়িতে ৮৪ নারী-পুরুষ আটক, সমালোচনায় জামায়াত আমির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, রাত ৯:১৫
Shares
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৮৪ নারী-পুরুষ আটক, সমালোচনায় জামায়াত আমির

ছবি: সংগৃহীত

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জন নারী-পুরুষকে আটকের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে শফিকুর রহমান দাবি করেন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় বাড়িটি থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জামায়াত আমিরের ভাষ্য, এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি সামনে এনেছে। একই সাথে চাঁদাবাজি, ছিনতাই, লুটপাট ও ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গ্যাস-বিদ্যুতের সংকটের কথাও তুলে ধরেন তিনি।

শফিকুর রহমানের অভিযোগ, জনদুর্ভোগ কমানো ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে সরকার বিরোধী দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়ে বেশি মনোযোগী। পোস্টের শেষাংশে তিনি তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানান।