...|...|...

রাজনীতি

সরকারই ইচ্ছা করে আওয়ামী লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৭ | আপডেট: ২০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৬
Shares
সরকারই ইচ্ছা করে আওয়ামী লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের উন্নয়ন বরাদ্দে চরম বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা কোটি কোটি টাকা বরাদ্দ পাচ্ছেন। অথচ বিরোধী দল এ নিয়ে কথা বললে নামমাত্র বরাদ্দ দেওয়া হয়। বাচ্চারা কান্নাকাটি করলে যেভাবে চকলেট দিয়ে ভুলানো হয়, বিরোধী দলকেও সেভাবে চকলেট দিয়ে খুশি রেখে নিজেরা বিরিয়ানি খাচ্ছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

বর্তমান সরকার রাষ্ট্র, সরকার ও সরকারি দলকে একাকার করে ফেলছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, 'নিজেদের দলীয়করণ, ব্যর্থতা ও দুর্নীতি ঢাকার জন্য সরকার জুজুর ভয় দেখিয়ে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে। বিরোধী দল কখনো ফ্যাসিস্টকে আসার সুযোগ করে দিচ্ছে না; বরং বিরোধী দলের আন্দোলনকে উপেক্ষা করার মধ্য দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। এই পথ দিয়ে তারাই ইচ্ছা করে আওয়ামী লীগকে ঢোকার পথ করে দিচ্ছে।'

তিনি আরও বলেন, নিজেদের ব্যর্থতা ও দুর্নীতি ঢাকতে সব দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলছে। গত কয়েক মাসে তিন মন্ত্রী ও এক সংসদ সদস্য পদত্যাগ বা বিদায় নেওয়ায় সরকারের ভেতরে একধরনের অস্থিরতা কাজ করছে।

‘বিরোধী দল জুলাই আন্দোলনকে ধারণ করে না’—প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন বক্তব্যের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, 'কথাটি অত্যন্ত হাস্যকর। জামায়াতসহ ১১টি দল জুলাইকে ধারণ করে বলেই জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন করছে। বিএনপি জুলাইকে ধারণ করে না বলেই গণভোটকে অস্বীকার করছে।'

ওসমানী স্মৃতি মিলনায়তনে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার না যাওয়া প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, 'কার্ড পাঠানো হলেও অতিথি তালিকায় বা কার্ডে বিরোধীদলীয় নেতার কোনো নাম ছিল না। তিনি কি সেখানে গিয়ে সাধারণ শ্রোতাদের সারিতে বসবেন?'

সংবিধান সংশোধনে বিরোধী দলের সাহায্য না করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাবে তিনি বলেন, জনগণ গণভোটের মাধ্যমে সংবিধানে জুলাই সনদ অনুমোদন করে দিয়েছেন।

সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করতে বিরোধী দল সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তবে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একদলীয় কমিটিতে কোনো অপকর্ম করলে বিরোধী দল তাতে সমর্থন দেবে না।