পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতারের পর এবার ২৫তম ও ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।
আটক দুই কর্মকর্তা হলেন মো. আবুল কালাম আজাদ ও মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র তাদের আটকের তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়।
আটক আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। অপর কর্মকর্তা রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ কিংবা কী অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।
পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে।


